নিউজ ডেস্ক: শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্রশংসা করেছে যুক্তরাষ্ট্রের বেসরকারি প্রতিষ্ঠান ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় সংসদ ভবনে সাক্ষাৎ করেন।
গ্লিন কোয়েনের নেতৃত্বে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল শেখ হাসিনার সঙ্গে দেখা করেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান।
“তারা সিআরআইর গবেষণা কাজের প্রশংসা করেছেন,” বলেন প্রেস সচিব।
আওয়ামী লীগের সঙ্গে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের দীর্ঘদিনের কাজ করার কথা শেখ হাসিনাকে জানান কোয়েন।
তিনি আওয়ামী লীগ সরকারের সময়কালে বাংলাদেশে নারীর ক্ষমতায়নের প্রশংসাও করে।
নারী ক্ষমতায়নের ফলে উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে বলে প্রধানমন্ত্রীও এসময় মন্তব্য করেন।
শেখ হাসিনা বলেন, “নারীর অংশগ্রহণ ছাড়া কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। সমাজের প্রতিটি ক্ষেত্রে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।”
দশম জাতীয় সংসদে ২১ জন নারী সদস্য রয়েছেন বলেও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রতিনিধি দলকে জানান প্রধানমন্ত্রী।
২০০১ সালে বিএনপি-জামায়াত নেত্বতাধীন জোট সরকার ক্ষমতায় আসার পর ধানমন্ডিতে সিআরআই কার্যালয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের কথাও বলেন শেখ হাসিনা।
তিনি বলেন, তখন ৬০টি কম্পিউটার এবং ৩০০ ফাইল জব্দ করে নেওয়া হয়েছিল।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।

Be the first to comment on "আ. লীগের গবেষণা প্রতিষ্ঠানের প্রশংসা"