শিরোনাম

উদ্বোধনী ম্যাচে হেরে গেল বাংলাদেশ

নিউজ ডেস্ক : টি-২০ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ভারতের কাছে পরাজিত হয়েছে বাংলাদেশের মেয়েরা। থাইল্যান্ডের ব্যাংককে চলমান টুর্নামেন্টে রুমানাদের ৬৪ রানে পরাজিত করে ভারত।

ব্যাংককের তের্ডথাই ক্রিকেট গ্রাউন্ডে আজ শনিবার টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৮ রান তোলে ভারত। ভারতের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান করে অপরাজিত থাকেন মিথালি রাজ। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান আসে ওপেনার স্মৃতি মান্ধানার ব্যাট থেকে। আর ১৯ রান করেন হারমানপ্রীত কাউর। বাকিরা দুই অঙ্ক ছুঁতে পারেননি।

বাংলাদেশের পক্ষে খাদিজাতুল কুবরা ৪ ওভার বল করে ১২ রানের বিনিময়ে ২ উইকেট নেন। একটি করে উইকেট নিয়েছেন জাহানারা আলম ও রিতু মনি।

এরপর লক্ষ্য তাড়া করতে নেমে ১৮.২ ওভার খেলে মাত্র ৫৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ভারতীয় বোলারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে টাইগ্রেসরা। দলের দুই ওপেনার সানজিদা ইসলাম ও নিগার সুলতানা ব্যাট হাতে ব্যর্থ। ১ রান করেছেন সানজিদা, আর নিগার তো রানের খাতাই খুলতে পারেননি। তিনে ব্যাট করতে নামা শায়লা শারমিন ৩৬ বলে সর্বোচ্চ ১৮ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান করে দীর্ঘ ইনজুরি কাটিয়ে দলে ফেরা সালমা খাতুন।

৩ উইকেট নিয়ে সেরা বোলার পুনম যাদব। দুটি করে উইকেট নিয়েছেন আনুজা পাতিল ও ঝুলন গোস্বামী। একটি করে উইকেট পকেটে পুরেছেন একতা ও মানসী। আগামী ২৮ নভেম্বর স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ।

basic-bank

Be the first to comment on "উদ্বোধনী ম্যাচে হেরে গেল বাংলাদেশ"

Leave a comment

Your email address will not be published.


*