নিউজ ডেস্ক : বার্সেলোনার দুই তারকা লিওনেল মেসি আর লুইস সুয়ারেজ। তাদেরই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু, এই মুহূর্তে একই বিন্দুতে মিলে গেছেন তারা। লা লিগায় ২০১৬-১৭ মৌসুমে গোলদাতার তালিকায় সবার উপরে তাদের নাম। সকলের পাশেই গোলের সংখ্যা সমান আটটি!
তবে গোল গড়ে সবার চেয়ে এগিয়ে লিওনেল মেসি। এই মৌসুমে এখন পর্যন্ত ৬৬৪ মিনিট খেলেছেন তিনি। গড়ে ৮৩ মিনিটে একটি করে গোল করেছেন বার্সেলোনার এই আর্জেন্টাইন সুপারস্টার। সতীর্থদের দিয়ে আরও তিনটি গোল করাতেও ভূমিকা রেখেছেন লিওনেল মেসি। ২৯ বছর বয়সী মেসির টার্গেটে শট ৫৬ ভাগ। মেসিকে অবশ্য এবার ইনজুরিও ভোগাচ্ছে। যে কারণে সর্বশেষ মালাগার বিপক্ষে ম্যাচেও খেলার সুযোগ পাননি তিনি। তার মাশুল দিয়েছে বার্সাও। নয় জনের দলের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।
ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাব লিভারপুলেও নিয়মিত গোল করাটা স্বভাব ছিল লুইস সুয়ারেজের। ন্যু ক্যাম্পেও ধরে রেখেছেন পারফরম্যান্সের সেই ধারাবাহিকতা। চলতি মৌসুমে মেসির মতো তার নামের পাশেও আট গোল। গোলের যোগানদাতাও সমান তিনটিতে। তবে উরুগুইয়ান স্ট্রাইকারের গোলের গড়টা একটু বেশি। ১০৩ মিনিটে ১টি করে গোল করেছেনে এই মৌসুমে। খেলেছেন ৮২০ মিনিট। তার লক্ষ্যে শট ৫৭ ভাগ। নিষেধাজ্ঞার কারণে সুয়ারেজও বার্সার শেষ ম্যাচে মালাগার বিপক্ষে খেলতে পারেননি।
তবে শেষ ম্যাচে জ্বলে ওঠেই মেসি-সুয়ারেজকে ধরে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মাদ্রিদ ডার্বিতে ক্যারিয়ারের ৩৯তম হ্যাটট্রিক পূর্ণ করেন রিয়ালের এই পর্তুগিজ সুপারস্টার। আর তাতেই পাঁচ গোল থেকে এক লাফে আট গোল। ইনজুরির কারণে মৌসুমের প্রথম দিকে অনেকটা সময়ই বিশ্রামে ছিলেন ‘সিআর সেভেন’। কয়েকদিন আগেও গোল-খরার সমালোচনায় ছিলেন তিনি। জাত চ্যাম্পিয়ন বলে কথা!
ডার্বি জিতিয়েই স্বরুপে ফিরলেন রোনালদো। এই মৌসুমে এখন পর্যন্ত রিয়ালের হয়ে ৭৬১ মিনিট খেলেছেন তিনি। গোল গড় প্রতি ৯৫ মিনিটে একটি। তবে, মেসি-সুয়ারেজের চেয়ে একটা দিক দিয়ে রোনালদো যে কৃপণ সেটা আবারও প্রমাণিত! বার্সার দুই তারকা সতীর্থদের দিয়ে তিনটি গোল করালেও রোনালদো গোল করাতে সহায়তা করেছেন দু’টিতে।
কিন্তু রিয়াল মাদ্রিদকে ঠিক আবার শীর্ষে তুলে রেখেছেন। মৌসুমের প্রথম ১২ ম্যাচ থেকে ৩০ পয়েন্ট নিয়ে লা লিগায় সবার উপরে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। শেষ ম্যাচে পয়েন্ট হারানো বার্সেলোনার দখলে ২৬ পয়েন্ট। অবস্থান দুইয়ে। তিন নাম্বারে রয়েছে সেভিয়া। রিয়াল-বার্সার সমান ম্যাচ খেলা সেভিয়ার সংগ্রহে ২৪ পয়েন্ট।
একই বিন্দুতে মেসি-সুয়ারেজ-রোনালদো

Be the first to comment on "একই বিন্দুতে মেসি-সুয়ারেজ-রোনালদো"