নিউজ ডেস্ক : ইডেনে দশম আইপিএলের প্রথম ম্যাচের আগে দর্শকদের জন্য থাকতে পারে বিনোদনের বাড়তি ব্যবস্থা। ১৩ই এপ্রিল ইডেনে আসন্ন আইপিএলে প্রথম ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্স এবং কিংস ইলেভেন পঞ্জাব। সেই ম্যাচের আগে একটি অনুষ্ঠান করার উদ্যোগ নিচ্ছে আয়োজক সিএবি।
সম্প্রতি মুম্বইয়ে বোর্ডের আইপিএল সংক্রান্ত বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, যে সমস্ত কেন্দ্রে আইপিএল হবে, সেখানে প্রথম ম্যাচের আগে একটি করে উদ্বোধনী অনুষ্ঠান করতে হবে। এবার মূল উদ্বোধনী অনুষ্ঠান হবে ৫ এপ্রিল হায়দরাবাদে। যেহেতু সানরাইজার্স হায়দরাবাদ গতবারের চ্যাম্পিয়ন। হায়দরাবাদ ছাড়া আরও আটটি কেন্দ্রে টুর্নামেন্টের ম্যাচগুলো হবে। সেই ৮টি কেন্দ্রেও প্রথম ম্যাচের আগে আলাদা করে উদ্বোধনী অনুষ্ঠান করতে হবে।
শুক্রবার আইপিএল সংক্রান্ত একটি বৈঠক হয় সিএবি’তে। সেখানে কর্তারা আলোচনা করেছেন উদ্বোধনী অনুষ্ঠান নিয়েও। সিএবি সূত্রে খবর, প্রথম ম্যাচের দিন কেকেআর মালিক শাহরুখ খান কলকাতায় থাকলে তাঁকে অনুষ্ঠান মঞ্চে হাজির করানোর চেষ্টা করা হবে। যার অর্থ, গৌতম গম্ভীর বনাম ঋদ্ধিমান সাহা ধুন্ধুমার দেখার পাশাপাশি দর্শকদের প্রাপ্তি হয়ে যেতে পারে শাহরুখ-শো।

Be the first to comment on "এবার আইপিএলের প্রথম ম্যাচে থাকতে পারে কিংস-শো"