শিরোনাম

এবার জালটা চিনবেন মেসি?

নিউজ ডেস্ক : শিরোনাম দেখে কি চমকে গেলেন! তা যাওয়ারই কথা। কোনো গোলমেশিনের ব্যাপারে এমন কথা বললে তো চমকাতেই হয়।

কিন্তু লিওনেল মেসি যে এই বাস্তবতা নিয়েই শনিবার রাতে নামছেন ‘এল ক্ল্যাসিকো’তে। গত প্রায় তিন বছরে ক্ল্যাসিকোতে গোল নেই তার। সবচেয়ে বড় শত্রু রিয়াল মাদ্রিদের বিপক্ষে গোল করতে পারছেন না। প্রশ্নটা তাই উঠতে বাধ্য।
বলতে পারেন মেসি শেষ কবে রিয়ালের জালে বল জড়িয়েছিলেন? ২০১৪ সালে। সেবার প্রতিপক্ষের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে হ্যাটট্রিক করেছিলেন। আর বার্সেলোনা ৪-০ গোলে স্রেফ উড়িয়ে দিয়েছিল রিয়ালকে। এরপর আরো ৫টি এল ক্ল্যাসিকো খেলেছেন মেসি। শতাব্দী প্রাচীন ক্লাব লড়াইয়ে খেলেছেন আরো ৪০০ মিনিট। কিন্তু একবারও যে লক্ষ্যভেদ করতে পারেননি! এমনকি গেলবার দীর্ঘ ইনজুরি থেকে ফিরে দ্বিতীয়ার্ধে মাঠে নামলেন। দল জিতল ৪-৩ গোলে। মেসি গোল করতে পারেননি।

শেষ ৫ দেখায় ২ বার জিতেছে বার্সেলোনা। ক্লাব ফুটবলে সবচেয়ে বেশি উত্তেজনা ছড়ানো ম্যাচে মেসির গোলের দেখা নেই। কিন্তু বরাবরের মতো এবারও তার ওপর বড় ভরসা কাতালানদের। নিজেদের মাঠ নু ক্যাম্পে এই লড়াইয়ে গোল করা মেসিকেই দরকার তাদের। গোল না করলেও ওইসব ম্যাচে মেসি বাজে খেলেননি।

এবার সঙ্কটটা ভিন্ন। শেষ ৩ ম্যাচে ড্র করেছে বার্সেলোনা। এর মধ্যে দুটি লিগ ম্যাচ। মেসি এখন ৯ গোল করে লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। ১০টি করে শীর্ষে রিয়ালেরই ক্রিস্তিয়ানো রোনালদো। কিন্তু টানা তৃতীয় লিগ শিরোপা চাই বার্সার। অথচ রিয়ালের চেয়ে ৬ পয়েন্ট পেছনে তারা। আরেকটি হার মানে আরো পিছিয়ে যাওয়া। মেসির গোল চাই তাদের।

এল ক্ল্যাসিকোর ইতিহাসে সবচেয়ে বেশি গোল করা মানুষটি অবশ্য মেসি। ২৯ বছরের আর্জেন্টাইন এখন পর্যন্ত ৩২ ম্যাচে ২১ গোল করেছেন। এই দ্বৈরথে রোনালদো ১৬ গোল করেছেন ২৫ ম্যাচে। ১৮ গোল করে মাঝে আলফ্রেদো দি স্তেফানো। সবার চেয়ে এগিয়ে থাকা মেসির পা থেকে তাই ভক্তরা আবার এল ক্ল্যাসিকোতে গোল দেখতে উন্মুখ।

basic-bank

Be the first to comment on "এবার জালটা চিনবেন মেসি?"

Leave a comment

Your email address will not be published.


*