নিউজ ডেস্ক : ব্যাংককে চলমান টি-২০ এশিয়া কাপে লিগ পর্বের নিজেদের শেষ খেলায় পরাজিত হলো বাংলাদেশের মেয়েরা। আজ ব্যাংককের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনলজি গ্রাউন্ডে সানজিদা-রুমানাদের ৭ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করে শ্রীলংকার মেয়েরা।
টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলংকা। ব্যাট করতে নেমে ৪৩ রানের জুটি গড়েন দুই ওপেনার সানজিদা ইসলাম এবং শামীমা সুলতানা। ৪৯ বলে ৩ বাউন্ডারিতে সর্বোচ্চ ৩৫ রান করেন সানজিদা। এছাড়া শায়লা শারমিন ২৫ এবং শামীমা সুলতানা ১৭ রান করেন। মিলিত প্রচেষ্ঠায় শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেটে ৯৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। টাইগ্রেসদের ব্যাটিংয়ের ধীরগতি আজ লক্ষ্যণীয়।
৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ১৯ রানেই ধাক্কা খায় শ্রীলংকা। রুমানা আহমেদের বলে খাদিজা তুল কুবরার হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন হান্সিকা (১০)। এরপর ৫৮ রানের জুটি গড়েন যশোধা মেন্ডিস (২৪) এবং চামারি আতাপাত্তু(৩৯)। এই জুটিই শ্রীলংকার জয়ের ভিত গড়ে দেয়। রুমানা আহমেদ ২ ওভার বল করে ৭ রান দিয়ে ২ উইকেট নেন। ম্যাচসেরার পুরস্কার উঠে চামারি আতাপাত্তুর হাতে।
এই পরাজয়ের মাধ্যমে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ল বাংলাদেশ। সবকটি ম্যাচ জিতে প্রথম দল হিসেবে ইতোমধ্যেই ফাইনালে পৌঁছে গেছে ভারত। আজ দিনের অপর খেলায় পাকিস্তান এবং থাইল্যান্ডের মধ্যকার ম্যাচে জয়ী দল ভারতের বিপক্ষে ফাইনাল খেলবে।

Be the first to comment on "এশিয়া কাপের শেষ ম্যাচেও হেরে গেল বাংলাদেশ"