শিরোনাম

ঐতিহাসিক টেস্টকে সাফল্যে রাঙাতে প্রস্তুত টিম টাইগার

নিউজ ডেস্ক : গল টেস্টে প্রায় একপেশে ফলাফলের পর কলম্বো টেস্ট নিয়ে নতুন করে উত্তেজনার কিছু থাকার অবকাশ নেই। কিন্তু এই টেস্ট যে বাংলাদেশের জন্য ঐতিহাসিক; তাই লঙ্কা দ্বীপ থেকে বাংলাদেশ পর্যন্ত ছড়াচ্ছে রোমাঞ্চ। ২০০০ সালে নাঈমুর রহমান দুর্জয়ের নেতৃত্বে যে দেশটি হাঁটি হাঁটি পা পা করে টেস্ট ক্রিকেটের আঙিনায় পা রেখেছিল সেই বাংলাদেশ আজ শততম টেস্ট খেলতে যাচ্ছে। ১৬ বছর আগের সপ্তম শ্রেণির ছাত্র মুশফিকুর রহিম আজ সেই দলের কাণ্ডারি।

টেস্টকে স্মরণীয় করে রাখতে সবাই উন্মুখ হয়ে আছে বলে জানালেন অধিনায়ক। মুশফিক বললেন, “দলের সবাই উন্মুখ হয়ে আছে এই ঐতিহাসিক টেস্টে ভালো কিছু করার জন্য। পজেটিভ কিছু করতে হলে আমাদের ব্যাটিংয়ে ভালো করতে হবে। পার্টনারশিপ গড়ে তুলতে হবে। সবাইকে দায়িত্ব নিয়ে খেলতে হবে। ”

এই টেস্ট উপলক্ষে বাংলাদেশের ক্রিকেটের বন্ধু শ্রীলঙ্কা বেশ কিছু উদ্যোগ নিয়েছে। উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। সবার জন্য তৈরী করা হয়েছে নীল রঙের ব্লেজার। স্কোয়াডের সবার জন্য থাকছে বিশেষ মেডেল এবং স্মারক। পি সারা ওভালে ম্যাচ শুরুর আগে নীল ব্লেজার গায়ে সার বেঁধে দাঁড়াবেন মুশফিকরা। গলায় ঝুলবে পদক।

পি সারা ওভালের উইকেট প্রায় গলের মতই তৈরী করা হয়েছে। এখানে পেসাররা একটু বেশি বাউন্স পাবেন। রঙ্গনা হেরাথ সংবাদ সম্মেলনে তা জানিয়ে বলেন, “ওদের অভিনন্দন জানাই শততম টেস্টে। তবে ওদের কাছে যেটি উৎসব, আমাদের কাছে সেটি শুধুই আরেকটি টেস্ট। ওদের উদযাপন মাটি করে দিতে আমরা প্রস্তুত। ”

এটা নিঃসন্দেহে ক্রিকেটীয় ‘হুমকি’। যা মুশফিকরাও দিয়ে থাকেন। রিয়াদকে ঘিরে তৈরী হওয়া নাটকে মানসিকভাবেও কিছুটা টানাপোড়েনে আছে বাংলাদেশের ড্রেসিংরুম। তার মধ্যে পাঁজরে চোট পেয়ে ছিটকে গেছে উইকেট কিপার ব্যাটসম্যান লিটন দাস। কিপিং গ্লাভস আবারও সেই মুশফিকের হাতেই উঠতে যাচ্ছে। সম্ভবত রিয়াদের জায়গায় ৩ নম্বরে ব্যাট করতে নামছেন ইমরুল কায়েস। পরিস্থিতি যাই হোক না কেন অন্তত এই টেস্ট হেরে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জা পেতে চাইবে না টাইগাররা। অন্যদিকে হেরাথ বাহিনী চাইবে আরও একটি জয় তুলে নিতে। সব মিলিয়ে শততম টেস্ট ঘিরে টানটান উত্তেজনা।

basic-bank

Be the first to comment on "ঐতিহাসিক টেস্টকে সাফল্যে রাঙাতে প্রস্তুত টিম টাইগার"

Leave a comment

Your email address will not be published.


*