নিউজ ডেস্ক : ঈদ সামনে রেখে কোরবানির পশুর কাঁচা চামড়া সংগ্রহের জন্য দর নির্ধারণ করে শুক্রবার ঘোষণা করবে চামড়া ব্যবসায়ী সমিতি। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ বলেন, বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে চামড়ার দাম নির্ধারণের পর শুক্রবার সংবাদ সম্মেলনে জানানো হবে। এর আগে বুধবার বিকালে বাণিজ্য সচিবের সঙ্গে ব্যবসায়ীদের আলোচনা হলেও চামড়ার দাম নির্ধারিত হয়নি বলে তিনি জানান।
গত বছর গরুর কাঁচা চামড়ার দাম ঢাকায় প্রতি বর্গ ফুট ৫০ থেকে ৫৫ টাকা আর ঢাকার বাইরে ৪৫ থেকে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছিল। নাম প্রকাশ না করা শর্তে এক ব্যবসায়ী বলেন, এবার ব্যবসায়ীদের পক্ষ থেকে ঢাকায় গরুর কাঁচা চামড়ার দাম প্রতি বর্গ ফুট ৪৫ টাকা ও ঢাকার বাইরে ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব রয়েছে।
এছাড়া খাসির কাঁচা চামড়ার দাম প্রতি বর্গফুট ১৫ টাকা ও ছাগলের কাঁচা চামড়ার দাম প্রতিবর্গ ফুট ১৫ টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে বলে তিনি জানান। সোমবার বিকালে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সংবাদ সম্মেলনে ৪৮ ঘণ্টার মধ্যে চামড়ার দাম নির্ধারণ করতে ব্যবসায়ীদের সময় বেঁধে দেন।

Be the first to comment on "কাঁচা চামড়ার দাম জানা যাবে কাল"