নিউজ ডেস্ক : ম্যাচের প্রথমার্ধেই চার গোল করে জয়টা নিশ্চিতই করে ফেলেন প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) এডিসন কাভানি। শেষ পর্যন্ত আরও দুই গোল হজম করে ৬-০ গোলের বিরাট ব্যবধানেই হার মানতে হয় সেয়ানকে। শুক্রবার লিগ ওয়ানে নিজেদের মাঠে বড় হারের লজ্জা দিল অতিথি দল পিএসজি।
লিগ ওয়ানের এ ম্যাচটিতে উরুগুইয়ান তারকা কাভানির দুরন্ত পারফরম্যান্সে সহজ জয় পেয়েছে পিএসজি। ম্যাচের ১২তম মিনিটেই ম্যাক্সওয়েলের পাস থেকে নিজের এবং দলের প্রথম গোলটি করেন তিনি। এরপর ২৩তম মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন। আর ৩৮তম মিনিটেই পূর্ণ করেন হ্যাটট্রিক। প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে থমাসের অ্যাসিস্ট থেকে করেন চতুর্থ গোল। ফলে ৪-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা।
দ্বিতীয়ার্ধে আর কাভানি মাঠে নামেননি। তবে দলের অন্য দুই খেলোয়াড় লুকাস মৌরা এবং জিন-কেভিন অগাস্টিন আরও দুই গোল করে সেয়ানকে গুড়িয়ে দেন। ৬৭তম মিনিটে মৌরা এবং ৭৮তম মিনিটে অগাস্টিন গেল করেন। ম্যাচ শেষে সফরকারী পিএসজি ৬-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে।
এ ম্যাচে জয়ের ফলে পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ফরাসি জায়ান্ট ক্লাব পিএসজি। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয়স্থানে রয়েছে মোনাকো এবং নিস।

Be the first to comment on "কাভানি নৈপুণ্যে পিএসজির বড় জয়"