নিউজ ডেস্ক: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ফটকে মোটরসাইকেলে করে আসা দুই সন্ত্রাসী হামলা চালিয়েছে। এতে প্রধান কারারক্ষী রুস্তম আলী নিহত হয়েছেন।
গুলি করে পালানোর সময় এক সন্ত্রাসীকে আটক করার কথা দাবি করেছে কারা কর্তৃপক্ষ।
সোমবার বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে কোনাবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোবারক হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মোটরসাইকেল আরোহী দুই জন সন্ত্রাসী কারাফটকে রক্ষীদের লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই প্রধান কারারক্ষী রুস্তম আলী নিহত হন।
নিহত রুস্তম আলীর লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
কারা সুত্রে জানা গেছে, নিহত রুস্তম আলী অবসরকালীন ছুটিতে ছিলেন। বেলা ১১টার দিকে কারাগারের ভেতর থেকে বেরিয়ে সামনের একটি ওষুধের দোকানে বসে সংবাদপত্র পড়ছিলেন তিনি। এ সময় মোটরসাইকেল করে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি।
গাজীপুরের পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, নিহত রুস্তম আলী একজন অবসরপ্রাপ্ত কারারক্ষী। তিনি কারা ফটকের সামনের দোকানে চা পান করছিলেন। এ সময় মোটরসাইকেল করে আসা দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত রুস্তম আলী কাশিমপুর কারাগারের প্রধান কারারক্ষী বলে নিশ্চিত করেছেন কারা অধিদফতরের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।
তিনি জানান, কারা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি। গুলি ছুড়ে পালানোর সময় মোটরসাইকেলের এক আরোহীকে আটক করা হয়েছে।

Be the first to comment on "কাশিমপুর কারাগারের ফটকে সন্ত্রাসী হামলা, প্রধান কারারক্ষী নিহত"