নিউজ ডেস্ক : ভারতে অনুষ্ঠিত দৃষ্টি প্রতিবন্ধিদের নিয়ে ব্লাইন্ড টি২০ ক্রিকেট বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচটিতে নিউজিল্যান্ডকে ৯০ রানে হারিয়েছে বাংলাদেশ।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৩০ রান সংগ্রহ করে বাংলাদেশ দল। এর জবাবে ব্যাট করতে নেমে কিউইদের ইনিংস শেষ হয় ২৪০ রানে। ফলে ৯০ রানের বড় জয় পায় বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল।
বান্দ্রায় এমআইজি ক্রিকেট ক্লাবে টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের ওপেনার আব্দুল মালেক ব্যাটে ঝড় তোলেন। ৭০ বলে ৩৩টি চারের সাহায্যে ১৮০ রানের হার না মানা ইনিংস উপহার দেন দলকে। আর ৪৪ বল খেলে আব্দুল্লাহ জবির করেন অপরাজিত ৯০ রান।
এছাড়া মো. মহসিন হোসেন জয় ১৩ এবং তান্জলুর রহমান ১৬ রান করেন। ফলে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩৩০ রান। যা এবারের আসরে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস।
কিউইদের হয়ে ১টি উইকেট নেন মারকুইলি ম্যাককাসিল।
জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪০ রান করে নিউজিল্যান্ড। কিউইদের ইনিংসে ৬ জন ব্যাটসম্যান রান আউটের শিকার হন। দলের পক্ষে ব্রেট উইলসন সর্বোচ্চ ৪৭ রান করেন। মিচেল মার্শ ৩৩ রান করে অপরাজিত থাকেন। এছাড়া পারভিন শঙ্কর এবং জেমস ডান উভয়ে ৩১ করে রান করেন।
বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট নিয়েছেন আরিফ উল্লাহ, মো. ফয়সাল এবং মো. মাহনুদ রশিদ।
৫ ম্যাচ খেলে ৪টিতে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে লাল-সবুজের জার্সিধারীরা। পয়েন্ট তালিকায় প্রথমে রয়েছে পাকিস্তান। দ্বিতীয় স্থানে রয়েছে স্বাগতিক ভারত।
কিউইদের বিপক্ষে বাংলাদেশের বড় জয়

Be the first to comment on "কিউইদের বিপক্ষে বাংলাদেশের বড় জয়"