নিউজ ডেস্ক : রুশ প্রতিরক্ষা উপমন্ত্রী নিকোলাই পানকোভ বলেছেন, ‘কিউবা এবং ভিয়েতনামের সামরিক ঘাঁটি আবারো চালু করার কথা ভাবছে রাশিয়া।’ রাশিয়ার স্থানীয় সময় শুক্রবার দেশটির সংসদে দেয়া বিবৃতিতে তিনি এই পরিকল্পনার কথা জানান।
রুশ প্রতিরক্ষা উপমন্ত্রী বলেন, ‘অতীতে কিউবা এবং ভিয়েতনামে সামরিক ঘাঁটি বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়ে আবারো চিন্তাভাবনা করা হচ্ছে। আমরা সেগুলো আবারো চালু করতে চাই। এজন্য প্রয়োজনীয় সব ধরণের ব্যবস্থাই নেওয়া হবে।’ তবে এর বেশি তিনি কিছু জানাতে চাননি।
নিকোলাই পানকোভের বক্তব্যের পর ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক ভাবে কোনো মন্তব্য করেনি। এছাড়াও বিষয়টি নিয়ে মন্তব্য করার জন্য কিউবার কোনো কর্মকর্তাকেও পাওয়া যায় নি। কূটনৈতিকরা বলছেন, নিশ্চয়ই কোন সমঝোতা বা পারস্পরিক আলোচনার প্রেক্ষিতেই এমন কথা বলেছেন পানকোভ।
জানা যায়, ঐতিহাসিক শীতল যুদ্ধের সময়ে কিউবা ও ভিয়েতনামের ঘাঁটিগুলো বিশ্বব্যাপী সাবেক সোভিয়েত ইউনিয়নের সামরিক শক্তি প্রমাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ২০০০ সালের দিকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর কিউবা ও ভিয়েতনামের এই দুই ঘাঁটি বন্ধ করে দেয় রাশিয়া।

Be the first to comment on "কিউবা-ভিয়েতনামের সামরিক ঘাঁটি ফের চালু করতে যাচ্ছে রাশিয়া"