শিরোনাম

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ২

নিউজ ডেস্ক : দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ২ ডাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার রাতে হাসনাবাদ হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো অমিত সাহা (২৭) ও জসিম (৩০) ।

জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক রবি চরন চৌহান জানান, “বুধবার রাত ৯টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় ডিউটি করার সময় গোপনে সংবাদ পাই যে হাসনাবাদ ঔষধ ফ্যাক্টরীর সামনে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে তাৎক্ষনিক ওই এলাকায় ফোর্স নিয়ে অভিযান চালাই। ডাকাতদলটি ওই এলাকার একটি আবাসন প্রকল্পের কাশফুল বনের ভিতর লুকিয়ে ছিল। এ সময় তারা ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। আমি ফোর্স নিয়ে তাদের পিছু ধাওয়া করে অমিত সাহা ও জসিমকে আটক করতে সক্ষম হলেও বাকী ডাকাতরা পালিয়ে যায়।”

তিনি আরও বলেন, এ সময় তাদের দেহ তল্লাশি করে অমিত সাহার কাছ থেকে একটি দেশি রিভালবার উদ্ধার করা হয়। এরপর রাতে তাদের নিয়ে বিভিন্ন এলাকায় বাকি ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়।

জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মোঃ ওয়াহিদুজ্জামান মোল্লা বলেন, গ্রেপ্তারকৃত দুই ডাকাতের বিরুদ্ধে রাজধানীর বংশাল ও শ্যামপুর থানায় ডাকাতির মামলা রয়েছে। গোয়েন্দা শাখার সহকারী উপপরিদর্শক (এএআই) রিয়াজুল হক বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অস্ত্র ও ডাকাতি প্রস্তুতির অপরাধে দুইটি মামলা দায়ের করেন। আজ বৃহস্পতিবার ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

basic-bank

Be the first to comment on "কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ২"

Leave a comment

Your email address will not be published.


*