নিউজ ডেস্ক : ক্রিকেট দুনিয়ার অনেক রেকর্ড ওলটপালট হলেও বেন স্টোকসের মাথা কখনোই ঠান্ডা হয়না। তাকে আউট করে কেউ উদযাপন করতে গেলেই চটে যান। বাংলাদেশ সফর দিয়ে উপমহাদেশ মিশন শুরু করেছিল ইংল্যান্ড। বাংলাদেশ সফরে তামিমসহ বেশ কয়েকজন ক্রিকেটারের সাথে বিবাদে জড়িয়েছিলেন বদরাগী হিসেবে পরিচিত ক্রিকেটার বেন স্টোকস। সেজন্য তাকে একটি ডিমোরিট পয়েন্ট সহ তিরস্কৃত হতে হয়। এরপর ভারত সফরে গিয়েও এবার তিরস্কৃত হতে হলো স্টোকসকে।
ভারতীয় টেস্ট অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে দ্বিতীয়বারের মতো আইসিসির তিরস্কারের শুনতে হলো এই ইংলিশ অলরাউন্ডারকে। শনিবার মোহালি টেস্টের প্রথম দিনে ব্যক্তিগত ২৯ রানে রবীন্দ্র জাদেজার বল মাঠের বাইরে পাঠাতে গিয়ে টাইমিং মিস করে স্ট্যাম্পিংয়ের শিকার হন স্টোকস। স্বাভাবিকভাবেই উদযাপন শুরু করে ভারতীয় ক্রিকেটাররা। মুষ্টিবদ্ধ হাত শুন্যে ছুড়ে কোহলির উদযাপনটা একটু আলাদা ছিল। আর এতেই রেগে আগুন হয়ে যান স্টোকস!
কোহলির দিকে তেড়ে যান স্টোকস। দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। মাঠ ছাড়তে ছাড়তে বাজে মন্তব্য করতেও ছাড়েননি স্টোকস। তার এই অখেলোয়াড়সুলভ আচরণ আম্পায়ারদের নজরে আসে। দিন শেষে এই অভিযোগ ম্যাচ রেফারির দপ্তরে পৌঁছলো তদন্ত শেষে অপরাধ প্রমাণিত হয়। এরপর আইসিসির ২.১.৪ আচরণবিধি লংঘনের অভিযোগে ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে তাকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করেন। স্টোকস যথারীতি নিজের অপরাধ স্বীকার করে জরিমানা থেকে বেঁচে যান।

Be the first to comment on "কোহলির সঙ্গে ঝগড়া করে বিপদে ‘বদরাগী’ স্টোকস!"