নিউজ ডেস্ক : ফুটবল মাঠে গুরুতর কোনো অন্যায় করে বসলে রেফারির অস্ত্র হলো লাল কার্ড। এই লালকার্ড দেখানোয় উল্টো রেফারির উপর আক্রমণের ঘটনাও ঘটেছে।
অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করতে হয়েছে খেলোয়াড়দের। এই হলো লালকার্ডের মাহাত্ম্য। এবার ক্রিকেটেও ফুটবলের আদলে লালকার্ড প্রথা চালুর জোড়ালো আবেদন উঠেছে।
ক্রিকেট মাঠে বিপক্ষ দলের সঙ্গে ঝগড়া এমনকী আম্পায়ারের উপর চড়াও হয় অনেক ক্রিকেটার। সর্বশেষ বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে অলরাউন্ডার সাকিব আল হাসান আম্পায়ারের সঙ্গে এমন ব্যবহার করে জরিমানা গোনেন। এর আগেও বেন স্টোকস-বেয়ারস্টোর সাথে বাংলাদেশের সাব্বির-তামিমদের ঝগড়া তুমুল আলোচনায় এসেছে। তবে বাংলাদেশের ক্রিকেটে এসব ঘটনা তুলনমুলক কম ঘটে। ‘ভদ্রলোকের খেলা’ ক্রিকেটের সম্মান রক্ষায় মুম্বাইয়ে এমসিসি ক্রিকেট কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে জোর আলোচনা হয়েছে।
আলোচনায় উঠে এসেছে, ক্রিকেট ম্যাচ শেষে ক্রিকেটারদের বিরুদ্ধে নানা ব্যবস্থা গ্রহণ করার সুযোগ থাকলেও মাঠে গুরুতর শৃঙ্খলাবহির্ভূত কাজ করলে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়ার ক্ষমতা এই মুহূর্তে আম্পায়ারদের নেই। এমসিসি এমন কিছু ভাবছে, যাতে অসদাচরণের সঙ্গে সঙ্গেই কোনো খেলোয়াড়কে মাঠ থেকে বের করে দেওয়া যায়।
ক্রিকেটের কোনো আইন তৈরির ক্ষমতা এমসিসির ক্রিকেট কমিটির নেই। তবে তারা যেকোনো বিষয়ে সুপারিশ করতে পারে। পরে এমসিসির মূল কমিটিতে সেই প্রস্তাব অনুমোদিত হলেই কেবল তা আইনে পরিণত হয়। এমসিসির মূল কমিটি অনুমোদন করলে বছরখানেক পর হয়তো এটি আইনে পরিণত হবে।

Be the first to comment on "ক্রিকেটেও আসছে লালকার্ড?"