নিউজ ডেস্ক: জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের শুনানি অষ্টমবারের মতো পিছিয়েছে। পুরান ঢাকার বকশিবাবাজারে স্থাপিত ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার বৃহস্পতিবার আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে ১৮ অগাস্ট পরবর্তী দিন রাখেন।
খালেদার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে এবং তদন্ত কর্মকর্তাকে ফের জেরা করার বিষয়ে আপিল বিভাগে শুনানির অপেক্ষায় থাকা আবেদনের কথা তুলে ধরে শুনানি পেছানোর আবেদন করেন তার আইনজীবী আব্দুর রেজাক খান। শুনানিতে রাষ্ট্রপক্ষে অংশ নেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন কাজল।
এর আগে ২৩ জুন খালেদা জিয়ার পক্ষে আত্মপক্ষ সমর্থনের শুনানি পেছানোর জন্য সময়ের আবেদনে সায় দিয়ে বৃহস্পতিবার দিন ঠিক করা হয়। মামলার অপর দুই আসামি জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলাম খান এর মধ্যে আত্মপক্ষ সমর্থন করে আদালতে লিখিত বক্তব্য জমা দিয়েছেন।
২০১৪ সালের ১৯ মার্চ ওই আদালতের তৎকালীন বিচারক বাসুদেব রায় জিয়া দাতব্য ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ চার জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই আদালতে খালেদা জিয়া, তারেক রহমান, সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানের বিরুদ্ধে জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার চলছে।

Be the first to comment on "খালেদার আত্মপক্ষ সমর্থনের শুনানি ফের পেছাল"