নিউজ ডেস্ক : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় প্রধান আসামি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থন ফের পিছিয়েছে। আগামী ১ ডিসেম্বর দিন পুনর্নির্ধারণ করে তাকে হাজির হওয়ার আদেশ দিয়েছেন আদালত। খালেদার আবেদনক্রমে আজ বৃহস্পতিবার এ দিন পিছিয়ে দেন রাজধানীর বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের অস্থায়ী আদালত। এরপর শুরু হয়েছে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক হারুন-অর রশিদকে আসামিপক্ষের জেরা।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা মামলা দুটির বিচারিক কার্যক্রম চলছে আদালতটিতে। আজ বৃহস্পতিবার চ্যারিটেবল মামলায় আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য থাকলেও অনুপস্থিত ছিলেন খালেদা জিয়া। তিনি অসুস্থ থাকায় উপস্থিত হতে পারেননি উল্লেখ করে তা পেছাতে সময়ের আবেদন জানান আইনজীবীরা। আদালত তা মঞ্জুর করে এক সপ্তাহের সময় দেন। পরে অরফানেজ মামলায় হারুন-অর রশিদকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও খালেদার বড় ছেলে তারেক রহমানের পক্ষে জেরা শুরু করেন তার আইনজীবী। দুদকের পক্ষে আদালতে আছেন অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল।
২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা দায়ের করা হয়। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়। অন্যদিকে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুদক। এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়। ২০১৪ সালের ১৯ মার্চ দুই মামলায় খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেন ঢাকা তৃতীয় বিশেষ জজ আদালতের আগের বিচারক বাসুদেব রায়।

Be the first to comment on "খালেদার আত্মপক্ষ সমর্থন ১ ডিসেম্বর, হাজিরের নির্দেশ"