নিউজ ডেস্ক : খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম জানিয়েছেন, গত চার বছর ধরে দেশে চাল আমদানী বন্ধ রয়েছে। কৃষিবান্ধব সরকার দানাশস্য উৎপাদনে নানামুখী কার্যকর উদ্যোগ বাস্তবায়ন করায় দেশ চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। সেকারণে ২০১২ সালের পর থেকে সরকার বিদেশ থেকে চাল আমদানি করেনি।
সোমবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাসের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, বেসরকারি পর্যায়ে চাল আমদানি করা হলেও তা বিনা শুল্কে নয়। বরং বিদ্যমান নীতিমালার ২০ শতাংশ আমদানি শুল্ক প্রদানপূর্বক চাল আমদানি করা হয়ে থাকে। শুল্ক আরোপের ফলে প্রাইভেট সেক্টরের ব্যবসায়ীরাও ২০১৫ সালের ডিসেম্বরের পর আর কোনো চাল আমদানি করেনি জানিয়ে মন্ত্রী বলেন, বিদেশ থেকে চাল আমদানিকে নিরুৎসাহিত করার জন্য চলতি (২০১৬-১৭) অর্থবছরের প্রস্তাবিত বাজেটেও আমদানির ওপর ৩০ শতাংশ শুল্কের প্রস্তাব করা হয়েছে। এর ফলে চাল আমদানি আরও নিরুৎসাহিত হবে। মো. রহিম উল্লাহর প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী জানান, আগামী অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে হতদরিদ্রদের মধ্যে কার্ড প্রদানের মাধ্যমে সরকার নির্ধারিত মূল্যে ৩০ কেজি করে চাল বিতরণ করা হবে। সংসদ সদস্য দিদারুল ইসলামের প্রশ্নের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম জানান, বর্তমান সরকারের চালুকৃত ভিজিএফ উপকারভোগীর সংখ্যা এক কোটি ২ লাখ ৪৭ হাজার ৮৯১ জনের বিপরীতে এক লাখ ৪১ হাজার ৫৮১ মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসকদের চাহিদার ভিত্তিতে সারা দেশের ভিজিএফ কার্ডের সংখ্যা বাড়ানোর বিষয়টি সরকার বিবেচনা করবে। বেগম আকতার জাহানের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করা সম্ভব নয়; তবে পূর্ব প্রস্তুতি গ্রহণের মাধ্যমে এর ক্ষয়ক্ষতি সহনীয় পর্যায়ে রাখা সম্ভব। এ লক্ষ্যকে সামনে রেখে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। প্রাকৃতিক দুর্যোগ থেকে জনগণের জানমাল রক্ষার্থে দুর্যোগ ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যে কোন মোবাইল থেকে ‘১০৯৪১’ নম্বরে ডায়াল করলে দৈনিন্দিন আবহাওয়া বার্তা, বন্যা, ঘূর্ণিঝড় ও সমুদ্রগামী জেলেদের নদ-নদীর পানির অবস্থা ও নদী বন্দরের জন্য সতর্ক সংকেত সম্পর্কিত তথ্য জানা যাবে।

Be the first to comment on "গত চার বছর ধরে দেশে চাল আমদানী বন্ধ রয়েছে: সংসদে খাদ্যমন্ত্রী"