নিউজ ডেস্ক : রংপুর চিনিকলের আওতাধীন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বিকালে সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে গোবিন্দগঞ্জের ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ১৫ একর জমির আখ পুড়ে গেছে।
সাহেবগঞ্জ ইক্ষু খামারের ডিজিএম মো. আলমগীর হোসেন জানান, সাহেবগঞ্জ ইক্ষু খামারের সাপমারা এলাকার ২টি আখের জমিতে হঠাৎ করে আগুন লাগে। এ সময় আগুন দ্রুত আখের জমিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফারার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ঘটনায় প্রায় ১৫ একর জমির আখ পুড়ে গেছে। তবে কীভাবে আগুন লেগেছে তা জানাতে পারেননি তিনি।
এ বিষয়টি নিশ্চিত করে রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবদুল আউয়াল জানান, কে বা কারা খামারের জমির আখের জমিতে আগুন ধরিয়ে দেয়। আগুনে খামারের প্রায় ১৫ একর জমির আখ পুড়ে গেছে। পুড়ে যাওয়া আখ আর মিলে ব্যবহার করা সম্ভব নয়। আখ পুড়ে যাওয়ার বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার জানান, খামারের আখ ক্ষেতে আগুন লাগার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এর আগেও, গত বছরের ১৯ নভেম্বর দুপুরে খামারের ফকিরগঞ্জে ১১ আই ব্লকের আখ খেতে আগুন লাগার ঘটনা ঘটেছিলো। খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তখন খামারের ৩৩ বিঘা জমির আখের ক্ষতি হয়েছিলো।
উল্লেখ্য, ১৮টি গ্রামের ১ হাজার ৮৪০ দশমিক ৩০ একর জমি ১৯৬২ সালে অধিগ্রহণ করে আখ চাষের জন্য সাহেবগঞ্জ ইক্ষু খামার গড়ে তোলে চিনিকল কর্তৃপক্ষ। সেই জমি অধিগ্রহণের চুক্তিভঙ্গের অভিযোগ তুলে দখল ফিরে পেতে সম্প্রতি আন্দোলনে নামে সাঁওতালরা। গত ৬ নভেম্বর চিনিকল কর্তৃপক্ষ জমি উদ্ধার করতে গেলে দু’পক্ষের সংঘর্ষে নিহত হন তিন সাঁওতাল, আহত হন অনেকে। তখন সাঁওতালদের বাড়িঘর পুড়িয়ে দেয় পুলিশ।

Be the first to comment on "গাইবান্ধায় ইক্ষু খামারে ফের আগুন"