শিরোনাম

গাবতলীতে শ্রমিকদের সঙ্গে ফের র‌্যাব-পুলিশের সংঘর্ষ

নিউজ ডেস্ক : রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায় র‌্যাব-পুলিশের সঙ্গে পরিবহন শ্রমিকদের ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। মঙ্গলবার রাত থেকেই কোনো পরিবহনকেই ওই এলাকা দিয়ে যেতে দিচ্ছে না শ্রমিকরা। বুধবার সকালেও রাস্তায় অবস্থান নিয়ে পরিবহন চলাচলে বাধা প্রদান করে তারা। এমনকি অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়িও পরিবহন শ্রমিকদের বাধার মুখে পড়ে। গাবতলী এলাকার এ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে র‌্যাব-পুলিশ। এ সময় শ্রমিকরা র‌্যাব-পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। র‌্যাব-পুলিশও পাল্টা জবাবে টিয়ার শেল ছুড়ছে। ঘটনাস্থলে পুলিশের জলকামান ও সাঁজোয়াযান (এপিসি) প্রস্তুত রাখা হয়েছে।

সংঘর্ষের পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যে সব সাধারণ মানুষ রাস্তায় ছিলেন সংঘর্ষের পর তারাও সে স্থান ত্যাগ করে গেছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এসি, দারুস সালাম) সৈয়দ মামুন মোস্তফা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন রাখা হয়েছে। তবে এ ঘটনায় কোনো শ্রমিককে আটক করা হয়নি। এর আগে মঙ্গলবার রাতে র‌্যাব-পুলিশের সঙ্গে পরিবহন শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে পুলিশের একটি র‌েকার ভ্যানেও আগুন দেয় পরিবহণ শ্রমিকরা। এ ছাড়া কয়েকটি অ্যাম্বুলেন্সের জানালাও ভাঙচুরের ঘটনা ঘটে।

ওই ঘটনায় তিন পুলিশ সদস্যসহ আরও কয়েকজন আহত হন। আহতরা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি রয়েছেন। আহত তিন পুলিশ সদস্য হলেন অনিক, রবিউল ইসলাম ও মিজু আহমেদ। এরা সবাই মিরপুর পুলিশ লাইন্সের কনস্টেবল। অন্য আহতরা হলেন ট্রাকচালক ইসমাইল, ট্রাকের শ্রমিক রবিউল ইসলাম, গরু ব্যবসায়ী দেলোয়ার হোসেন ও রুবেল নামের এক হোটেল কর্মচারী। এরা সবাই রাবার বুলেটে আহত হয়েছেন বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া।

basic-bank

Be the first to comment on "গাবতলীতে শ্রমিকদের সঙ্গে ফের র‌্যাব-পুলিশের সংঘর্ষ"

Leave a comment

Your email address will not be published.


*