নিউজ ডেস্ক: জাতীয় চার নেতার অন্যতম শহীদ মহান মুক্তিযুদ্ধের সংগঠক এ এইচ এম কামরুজ্জামান হেনার সহধর্মিনী জাহানারা জামান মৃত্যুবরণ করেছেন (ইন্না…রাজিউন)। রবিবার রাত পৌনে ১টার দিকে রাজধানীর গুলশানের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি।
জাহানারা জামান রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও মহানগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনের মা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দীর্ঘদিন থেকে ডায়াবেটিকসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, চার মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রাজশাহীর সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের ব্যক্তিগত সহকারী মীর ইশতিয়াক লিমন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তাঁর মরদেহ আজই ঢাকা থেকে রাজশাহী নিয়ে যাওয়া হবে। তবে ছোট ছেলে দেশের বাইরে থাকায় এখনও জানাজার সময় নির্ধারণ করা হয়নি। তিনি এরই মধ্যে জিম্বাবুয়ে থেকে রওনা হয়েছেন। বাংলাদেশে পৌঁছালে জাহানারা জামানের জানাজা ও দাফনের সময় নির্ধারণ করা হবে বলেও জানান লিমন।

Be the first to comment on "চলে গেলেন শহীদ কামরুজ্জামানের স্ত্রী"