নিউজ ডেস্ক : বাজারে বেড়েই চলেছে চালের দাম। গত ২ মাসে কয়েক দফায় বেড়েছে নিত্য প্রয়োজনীয় এ পণ্যের দাম। এই ঊর্ধ্বমুখী প্রবণতার জন্য চালের আমদানি শুল্ক বাড়ানোকে দায়ী করেছেন রাজধানীর অধিকাংশ চাল ব্যবসায়ী। আবার কয়েকজন ব্যবসায়ীর মতে, গত বছরের তুলনায় এবার চালের উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এর দামও বাড়ছে। এছাড়া উত্তরাঞ্চলে বন্যার কারণে চালের উৎপাদন কমে যাওয়ায় এর দাম বৃদ্ধি পেয়েছে বলেও দাবি করছেন কেউ কেউ।
রাজধানীর কারওয়ান বাজার, বাবুবাজারসহ বেশকয়েকটি বাজার ঘুরে এবং সেখানকার চাল ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।
কারওয়ান বাজারের সোহেল রাইস এজন্সির মো. সোহেল বলেন, চলতি অর্থবছরের বাজেটে আমদানি চালের শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়েছে। আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় অনেকে চাল আমদানি কমিয়ে দিয়েছেন। ফলে যোগান কমে যাওয়ায় চালের দাম বাড়ছে।
তিনি আরও জানান, শুল্ক বাড়ানোর পর ভারত থেকে চাল আমদানি বন্ধ রেখেছেন আমদানিকারকরা। ফলে বাজারে চালের সংকট দেখা দিয়েছে। অতিরিক্ত শুল্ক আদায় বন্ধ করা হলে চালের দাম আবারও কমে যাবে।
মোহাম্মদপুর কৃষিমার্কেটের বিক্রমপুর ট্রেডিং কর্পোরেশনের ইসমাইল হোসেন বলেন, গত মৌসুমে খুচরা বাজারে কেজি প্রতি চালের দাম ৩২ টাকা নির্ধারণ করেছিল সরকার। সে সময় খুব একটা লাভ করতে পারেননি ব্যবসায়ীরা। আর চলতি মৌসুমের শুরুতে মজুদ করা চাল বাড়তি দামে বিক্রি করছেন মিল মালিকরা।
সেগুনবাগিচা বাজারের শিমুল রাইচের জাহাঙ্গীর বলেন, গত সপ্তাহে পাইকারিতে ২২-২৩ টাকা দরে বিক্রি করা মোটা গুটি চাল এখন ৩৬-৩৭ টাকা দরে বিক্রি হচ্ছে। পাইকারিতে বেশি দাম দিতে হচ্ছে বলে খুচরা বাজারে বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছি আমরা।
এছাড়া দেশের উত্তরাঞ্চলে বন্যার কারণে চালের উৎপাদন কমে যাওয়ায় এর বৃদ্ধি পেয়েছে বলেও দাবি করছেন অনেকে।
রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে স্বর্ণা, মিনিকেট, বিরি-২৮, পারিজাসহ প্রায় সব ধরনের চালের দাম কেজিতে ৫-৭ টাকা করে বেড়েছে। আজকের বাজারে ৩৮-৪০ টাকা দরে স্বর্ণা, ৪০-৪১ টাকা দরে বিরি ২৮, ৫০-৫২ টাকা দরে মিনিকেট, ৩৮-৩৯ টাকায় পারিজা, ৫৩-৫৫ টাকায় নাজিরশাইল, ৫৪-৫৮ টাকায় বাসমতি, ৭০-৭৫ টাকায় কাটারিভোগ এবং ৯৫-১০০ টাকায় পোলাও চাল বিক্রি হচ্ছে। তবে সপ্তাহের ব্যবধানে মোটা গুটি চালের দাম বেড়েছে সবচেয়ে বেশি হারে। কেজিতে ১০-১১ টাকা বেড়ে এ চাল বিক্রি হচ্ছে ৩৯-৪০ টাকা দরে।
সরকারি বাণিজ্যিক সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাব অনুযায়ী, মাসের ব্যবধানে প্রতি কেজি মিনিকেটে ১ দশমিক ০৮ শতাংশ এবং মোটা গুটি ও স্বর্ণা চালের দাম ৭ দশমিক ২৫ শতাংশ বেড়েছে।
Be the first to comment on "চালের দাম বেড়েই চলেছে"