নিউজ ডেস্ক : চীনের সংখ্যালঘু উইঘুর সম্প্রদায় থেকে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেওয়া সদস্যরা চীনে ফিরে রক্তের নদী বইয়ে দেওয়ার হুমকি দিয়েছে বলে জানিয়েছে সাইট ইনটেলিজেন্স।
যুক্তরাজ্য ভিত্তিক জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণকারী গ্রুপ সাইট ইনটেলিজেন্সের পক্ষ থেকে বলা হয়, গত সোমবার অনলাইনে প্রকাশ করা আধাঘণ্টার একটি ভিডিওতে এ হুমকি দেওয়া হয়েছে।
এনডিটিভি জানায়, ভিডিওতে চীনের আদিবাসী মুসলিম উইঘুর সম্প্রদায় থেকে আইএস এ যোগ দেওয়া জঙ্গিদের হুমকি দিতে দেখা গেছে। ভিডিওটি পশ্চিম ইরাকের কোনও একটি এলাকায় ধারণ করা হয়েছে বলেও জানিয়েছে সাইট ইনটেলিজেন্স।
চীনের পশ্চিমাঞ্চলের প্রদেশ সিনঝিয়ানেই মূলত উইঘুর সম্প্রদায়ের লোকেরা বসবাস করে। ওই প্রদেশে সম্প্রতি বেশ কয়েকটি সন্ত্রাসী হামলা হয়েছে, যার পেছনে উইঘুর সম্প্রদায়ের বিচ্ছিন্নতাবাদীরা দায়ী বলে মনে করে দেশটির সরকার।
উইঘুর সম্প্রদায়ের অভিযোগ, সাংস্কৃতিক ও ধর্মীয়ভাবে তাদের নিষ্পেষিত এবং বৈষম্যের শিকার হতে হচ্ছে।
ন্যাশনাল সিকিউরিটি কলেজ অব অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি’র বিশেষজ্ঞ ড. মিশেল ক্লার্ক বলেন, এটি চীনের বিরুদ্ধে আইএস এর প্রথম সরাসরি হুমকি।

Be the first to comment on "চীনে রক্তবন্যা বইয়ে দেয়ার হুমকি দিল আইএস"