নিউজ ডেস্ক : রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত চেচেন রিপাবলিকে (চেচেনিয়ায়) রুশ পুলিশের বিশেষ বাহিনীর গুলিতে সাত জঙ্গি নিহত হয়েছেন। শনিবার রাতে এক পুলিশ কর্মকর্তার ওপর হামলার চালানোর পর এক অভিযানে এসব জঙ্গিকে হত্যা করা হয় বলে রবিবার রুশ বার্তা সংস্থাগুলো জানিয়েছে।
জঙ্গিদের সঙ্গে গোলাগুলিতে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে বার্তা সংস্থা টিএএসএস এবং রাষ্ট্রীয় রোশিয়া ২৪ টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে।
বার্তা সংস্থাগুলো চেচেন প্রেসিডেন্ট রমজান কাদিরভের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, চেচেন রিপাবলিকের রাজধানী গ্রোজনির প্রান্তীয় এলাকায় চালানো বিশেষ অভিযানে সাত জঙ্গি নিহত হয়েছেন। পাশাপাশি চার জঙ্গিকে আটক করেছে পুলিশ, এদের মধ্যে তিনজন আহত, জানিয়েছেন কাদিরভ। এর আগে রুশ বার্তা সংস্থাগুলো জানিয়েছিল, শনিবার রাতে জঙ্গিরা এক পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালিয়ে তার গাড়ি ছিনিয়ে নেয়। অন্য এক পুলিশ সদস্য ছিনিয়ে নেওয়া গাড়িটি থামানোর চেষ্টা করলে তাকে চাপা দিয়ে পালিয়ে যায় জঙ্গিরা।
রবিবার অভিযান চলাকালে জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে জানিয়েছে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর মুসলিম অধ্যুষিত অভ্যন্তরীণ এই রিপাবলিকটির সঙ্গে দুইবার যুদ্ধ হয়েছে মস্কোর। চেচনিয়ায় এ ধরনের গোলাগুলি এখন অপেক্ষাকৃত বিরল হয়ে উঠেছে। তবে বৃহত্তর উত্তর ককেশাস অঞ্চলজুড়ে এখনও কিছুটা অস্থিরতা রয়ে গেছে। বেকারত্ব ও ছড়িয়ে পড়া দুর্নীতির কারণে কিছু তরুণ ইসলামী কট্টরপন্থার দিকে ঝুঁকে পড়ছে।

Be the first to comment on "চেচেনিয়ায় রুশ পুলিশের গুলিতে ৭ জঙ্গি নিহত"