নিউজ ডেস্ক : ফুটবল মাঠে বলটা দাগের বাইরে গেলেই দেখা মেলে তাদের। মাঠের বাইরে যাওয়া বলগুলো কুড়িয়ে মাঠে ফিরিয়ে আনাই ‘বলবয়’দের কাজ। এই ‘বলবয়’দের দিকে নজর দেয়ার সময় নেই কারও, কিন্তু মাদ্রিদের ক্লাব পসুয়েলোর মাঠে ঠিকই নজর কাড়লেন এক ‘বলবয়’। এই ‘বলবয়’ যে যেমন–তেমন কেউ নন, বিশ্বসেরা ফুটবলারদের একজন, ক্রিশ্চিয়ানো রোনালদো।
ক্রিশ্চিয়ানো জুনিয়রও হাঁটছে বাবার পথে। ফুটবলার হিসেবে নাম লিখিয়েছে মাদ্রিদের ক্লাব পসুয়েলোতে। পসুয়েলোর অনূর্ধ্ব–৮ দলের হয়ে অভিষেকও হয়ে গেল তার। সেদিন ছেলের সঙ্গে মাঠে গিয়েছিলেন রোনালদো নিজেও। গোলবারের পেছনে দাঁড়িয়ে দেখেছেন ছেলের খেলা। শুধু খেলা দেখেই কাজ সারেননি, বল বাইরে চলে যাওয়ার পর তা কুড়িয়ে আনার দায়িত্ব পালন করেছেন আর সবার মতোই। অন্য সব বাবার মতোই ঝোপঝাড় থেকে বল কুড়িয়ে এনেছেন। তবে বল ফেরত পাঠানোর সময় ঠিকই বুঝিয়ে দিয়েছেন তিনি কে। দারুণ এক কায়দায় বল পাঠিয়ে বুঝিয়ে দিয়েছেন, বাবা হিসেবে সবার মতো হলেও, ফুটবলার হিসেবে তিনি অনন্য। রোনাল্ডো পরে বলেছেন, ‘এখন থেকে ছেলেকে উদ্বুদ্ধ করার জন্য আমাকে বলবয়ের দায়িত্বটা তো নিতেই হবে!’
সূত্র: আজকাল
ছেলের জন্য রোনালদো যখন বলবয়!

Be the first to comment on "ছেলের জন্য রোনালদো যখন বলবয়!"