নিউজ ডেস্ক : সন্ত্রাসবাদ ইস্যুতে তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করে ভারতকে কাঠগড়ায় দাঁড় করাতে চেয়েছে পাকিস্তান। কিন্তু এবার ভারতের পাশে দাঁড়িয়ে পাকিস্তানের সমালোচনায় মুখর পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সংগঠন আমন ফোরাম।
ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদীদের মদদ দিচ্ছে পাকিস্তান প্রশাসন। ভারতে হামলা চালানোর জন্য জঙ্গিদের মাথাপিছু ১ কোটি টাকা খরচ করছে নওয়াজ শরীফ প্রশাসন। প্রকাশ্য সভা থেকে এই চাঞ্চল্যকর অভিযোগ আনল ওই সংগঠন। সম্প্রতি পাকিস্তান অধিকৃত কাশ্মীরে আমন ফোরামের একটি সভার ভিডিও সামনে এসেছে। সেখানে শোনা যাচ্ছে, আমন ফোরামের নেতা সর্দার রইস ইনকিলাবি পাকিস্তান প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন।
কী অভিযোগ সর্দার রইসের? তিনি প্রকাশ্য সভায় অভিযোগ করছেন, ‘সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের জন্য পাকিস্তান সরকার জঙ্গিপিছু ১ কোটি টাকা করে খরচ করছে। ‘ তারপরই পাকিস্তাকে তার বার্তা, ‘তোমরা (পাকিস্তান) খুনিদের ভাড়া করছ। তাদের ভারতে ঢুকিয়ে হামলা চালানোর জন্য ১ কোটি টাকা করে দিচ্ছ। সে কারণে অশান্তি সৃষ্টি হচ্ছে। তোমাদের এই কার্যকলাপের তীব্র প্রতিবাদ করছি। যদি তোমরা গোলাগুলি, যুদ্ধ করতে চাও তাহলে সেনাকে লড়তে বলো। সন্ত্রাসবাদীদের মদদ কেন দিচ্ছ?’
আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও পাকিস্তান সরকার যে নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলিকে মদদ দিচ্ছে তাও খোলাখুলি অভিযোগ করেছেন পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জনপ্রিয় নেতা সর্দার রইস ইনকিলাবি। তার অভিযোগ, ন্যাশনাল অ্যাকশন প্ল্যানের কারণে পাকিস্তানে নিষিদ্ধ বেশ কিছু সংগঠন। অথচ সেই সব সংগঠনগুলো অবাধে তাদের কার্যকলাপ চালাচ্ছে কাশ্মীরে। প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে জঙ্গিরা। প্রশাসনিক মদদ ছাড়া তা কী করে সম্ভব?
সেনাসূত্রে খবর, জম্মু ও কাশ্মীর আন্তর্জাতিক সীমান্তে অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে এ বছর ৪৪০বার গুলি চালিয়েছে পাকিস্তান সেনা। অনুপ্রবেশ করেছে জঙ্গিও। কিন্তু প্রতিবারই ভারতের বিরুদ্ধে অভিযোগ করে এসেছে পাকিস্তান প্রশাসন। আর তারমধ্যেই সামনে এলো রইস ইনকিলাবির এই বক্তব্য। ফলে পাকিস্তানের আনা অভিযোগ যে সর্বৈব মিথ্যা তাই প্রমাণ হলো বলে মত কূটনৈতিক বিশেষজ্ঞদের।

Be the first to comment on "জঙ্গিপিছু ১ কোটি টাকা খরচ করে পাকিস্তান"