শিরোনাম

জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান

নিজস্ব প্রতিবেদক : সারা দেশের হাজারো শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষার্থীর অংশগ্রহণের মধ্য দিয়ে শেষ হলো জঙ্গিবাদবিরোধী মানববন্ধন। জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত জঙ্গিবাদবিরোধী মানববন্ধনে তিনি বলেন, নতুন প্রজন্মকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। পূর্বসিদ্ধান্ত অনুযায়ী দেশের সব বিশ্ববিদ্যালয়, কলেজ, আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা আজ সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই মানববন্ধনে অংশ নেয়।

কেন্দ্রীয়ভাবে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এই মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মন্ত্রী বলেন, শুধু আইন দিয়ে জঙ্গিবাদ, সন্ত্রাস বন্ধ করা যাবে না। এ জন্য সামাজিক সচেতনতা ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সে লক্ষ্যে তাঁরা এখানে মানববন্ধন করেছেন। পর্যায়ক্রমে স্কুলভিত্তিক কমিটি গঠন করেও জঙ্গিবাদবিরোধী কার্যক্রম চালানো হবে বলে মন্ত্রী জানান। এছাড়াও শিক্ষার্থীদের জঙ্গিবাদে জড়িয়ে পড়ার প্রবণতার প্রেক্ষিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে হুঁশিয়ার করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে জঙ্গিবাদে জড়াতে দেওয়া হবে না। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের অভ্যুদয়, ইতিহাস ও বাংলা পড়াতে হবে। যে সব বিশ্ববিদ্যালয় আইন মানবে না সেগুলোকে আমরা বন্ধ করে দেব। বর্তমানে দেশে ৯৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সরকারি অনুমোদন রয়েছে। এরমধ্যে ৮৫টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারি এবং ৭ জুলাই কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদ জামাতে হামলার ঘটনার পর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জঙ্গিবাদে জড়ানোর বিষয়টি আলোচনায় আসে। গুলশান হামলায় অংশগ্রহণকারী নিবরাস ইসলাম নর্থসাউথ এবং রোহান ইবনে ইমতিয়াজ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। শোলাকিয়া হামলায় নিহত আবীর রহমান নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ শেষ বর্ষের ছাত্র ছিলেন। গত ২৫ জুলাই রাজধানীর কল্যাণপুরে পুলিশের অভিযানে যে নয় জঙ্গি নিহত হন, তাদের মধ্যে শেজাদ রউফ অর্কসহ কয়েকজন নর্থসাউথের সাবেক শিক্ষার্থী।

শিক্ষামন্ত্রী বলেন, কোনো ছেলে যেন বিভ্রান্তির পথে না যায় সেজন্য শিক্ষক ও অভিভাবকদের সদা সতর্ক থাকতে হবে। জঙ্গিবাদীদের কার্যক্রম যে বাস্তবসম্মত নয় সেটা জানাতে হবে।

ইউজিসি চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, বিশ্ববিদ্যালয়গুলোতে জঙ্গিবাদ প্রতিরোধে উপাচার্যদের সঙ্গে মত বিনিময় এবং ঐক্যবদ্ধ ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার এই মানবন্ধনের আয়োজন।

তিনি বলেন, কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে ইউজিসি তদন্ত করে শিক্ষা মন্ত্রণালয়কে জানাবে। সে অনুযায়ী শিক্ষা মন্ত্রণায়লয় ব্যাবস্থা নেবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, শুধু আইন নয়, জঙ্গিবাদ প্রতিরোধে দরকার সামাজিক সচেতনতা ও সামাজিক প্রতিরোধ। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলেই এ সমস্যা প্রতিহত করা সম্ভব। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তারা ছাড়াও আশপাশের বিভিন্ন স্কুল, কলেজ ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন।

 

basic-bank

Be the first to comment on "জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান"

Leave a comment

Your email address will not be published.


*