শিরোনাম

‘জামায়াতকে সঙ্গে নিয়ে বিএনপি বিজয় অর্জন করতে পারবে না’

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতকে নিয়ে বিএনপি কোন দিন বিজয় অর্জন করতে পারবে না।
তিনি বলেন, ‘জামায়াতকে সাথে রেখে বিএনপি কোন দিন বিজয় অর্জন করতে পারবে না।

জামায়াতকে ছাড়–ন। তাদের সাথে নিয়ে আর ঘৃণার পাত্র হবেন না। ’
মোহাম্মদ নাসিম আজ দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের এক বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
এ সময় সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (একাংশ)’র সভাপতি শরীফ নূরুল আম্বিয়া, কমিউনিস্ট কেন্দ্রের আহবায়ক ওয়াজেদুল ইসলাম খান, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহম্মেদ হোসেন, একেএম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ(একাংশ)’র সাধারণ সম্পাদক শিরিন আক্তার, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সুজিত রায় নন্দীসহ কেন্দ্রীয় ১৪ দলের নেতারা উপস্থিত ছিলেন।
মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতকে নিয়ে দেশের রাজনীতিকে অস্থিতিশীল করার চক্রান্ত অব্যাহত রেখেছেন।
তিনি বলেন, দেশের রাজনীতিতে জামায়াতকে পূনর্বাসিত করার জন্যই বিএনপি নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে জামায়াতকে সংলাপে রাখার প্রস্তাব করেছে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সেলিনা হায়াত আইভি বিজয়ী হওয়ায় কেন্দ্রীয় ১৪ দলের পক্ষ থেকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়।
এ বিষয়ে নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী মনোনয়নে বিচক্ষণতা এবং জঙ্গী নির্মূলে আওয়ামী লীগ সরকারের সফলতার জন্যই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আইভি বিজয়ী হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নির্বাচন কমিশনের অধীনে যে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন তার প্রমান। আগামী জাতীয় নির্বাচনও আওয়ামী লীগ সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে।
এ নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার জন্য বিএনপির প্রতি আহবান জানিয়ে কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র নাসিম বলেন, বিএনপি হতাশা থেকে নাসিক নির্বাচনের ফলাফল নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে। তাদের প্রার্থী যখন নির্বাচনের ফলাফল মেনে নিয়েছে তখন বিএনপির এ ধরনের প্রতিক্রিয়া নির্বাচনকে বিতর্কিত করার অপকৌশল ছাড়া আর কিছুই নয়।
নাসিম এ সময় নারায়ণগঞ্জবাসী, নির্বাচনের সাথে সংশ্লিস্ট সকল কর্মকর্তা কর্মচারী, দলীয় নেতা-কর্মী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য ধন্যবাদ জানান।
তিনি এ সময় রাজধানীর আশকোনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জঙ্গী বিরোধী সফল অভিযানের জন্য তাদের ধন্যবাদ জানান।
এর আগে মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে কেন্দ্রীয় ১৪ দলের এক বৈঠক অনুষ্ঠিত হয়।

basic-bank

Be the first to comment on "‘জামায়াতকে সঙ্গে নিয়ে বিএনপি বিজয় অর্জন করতে পারবে না’"

Leave a comment

Your email address will not be published.


*