নিউজ ডেস্ক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার পক্ষে মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপ-পরিচালক হারুন আর রশীদকে জেরা শেষ করেছেন আইনজীবী। বৃহস্পতিবার ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে তদন্ত কর্মকর্তাকে জেরা করেন খালেদার আইনজীবী আব্দুর রেজ্জাক খান। খালেদার পক্ষে জেরা শেষ হওয়ার পর তারেকের পক্ষে জেরা শুরু করেন আইনজীবী।
তারেকের পক্ষে জেরা শেষ না হওয়ায় পরবর্তী জেরার জন্য ২৪ নভেম্বর দিন ধার্য করেন আদালত। এ সময় আইনজীবী আব্দুর রেজ্জাক খানকে সহযোগিতা করেন জিয়া উদ্দিন জিয়া, এম হেলাল উদ্দিন ও শাহজাদী কহিনুর পাপড়ি। মামলার অভিযোগ থেকে জানা যায়, জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলায় খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া অন্য আসামিরা হলেন- মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৪ সালের ১৯ মার্চ খালেদা জিয়াসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়।

Be the first to comment on "জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদার পক্ষে জেরা শেষ"