নিউজ ডেস্ক : যশোরের ঝিকরগাছায় রাহাজ্জান সরদার (৩৮) নামে এক ইউপি সদস্যকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ বৃহস্পতিবার সকালে ঝিকরগাছা উপজেলার গদখালী বাজারে দুটি মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং গদখালী ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতির সেক্রেটারি ছিলেন। চলতি বছরের ২৮ রোজায় (৫ জুলাই) তার বড়ভাই হাসান সরদারকে গুলি করে খুন করে সন্ত্রাসীরা।
প্রত্যক্ষদর্শী ও নিহতের ছোটভাই মিজানুর রহমান সরদার জানান, সকাল সোয়া ৯ টার দিকে গদখালী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বর) রাহাজ্জান সরদার বাজারের একটি সেলুনে বসে দাড়ি সেভ করাচ্ছিলেন। এ সময় দুটি মোটরসাইলে আসা ছয়জনের মধ্যে দুজন সেলুনে প্রবেশ করে তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করে। হেলমেটপরা ওই দু’যুবক দ্রুত পালিয়ে যায়। মিজানুর রহমান জানান, একটি গুলি তার হাতে লেগে তা ফুসফুসের মধ্যে বিদ্ধ হয়। স্থানীয়রা রাহাজ্জানকে উদ্ধার করে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানেই অবস্থার অবনতিতে তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। একটি গুলি তার বাম হাতে বিদ্ধ হয়। ঝিকরগাছা থানার ওসি মাসুদ করিম বলেন, ‘সন্ত্রাসীরা একজনকে গুলি করে হত্যা করেছে- এমন খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্সসহ পৌঁছাই। কী কারণে বা কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে তা এখনও পরিষ্কার নয়। তদন্ত ছাড়া এ বিষয়ে কিছুই বলা যাবে না।

Be the first to comment on "ঝিকরগাছায় ইউপি সদস্যকে গুলি করে হত্যা"