নিউজ ডেস্ক : টাঙ্গাইলের মধুপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সাথে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন ২ জেএমবি জঙ্গী নিহত হয়েছে। আজ রোববার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার টেলকি এলাকার গায়রা নামকস্থানে এ ঘটনাটি ঘটেছে।
টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) অশোক কুমার সিংহ জানান, ২১ আগষ্ট উপলক্ষ্যে দেশে জঙ্গি হামলা ও মধুপুর বনাঞ্চলের খ্রিষ্টান ধর্মাবলম্বীদের গির্জায় হামলা হতে পারে এমন গোপন তথ্যের ভিক্তিতে শনিবার রাত থেকে ওই এলাকায় মধুপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের কয়েকটি দল বিভিন্ন স্থানে চেকপোস্ট বসায়। এ সময় গোয়েন্দা পুলিশের একটি দল অবস্থান নেয় উপজেলার টেলকি এলাকায় অবস্থিত একটি গির্জার সামনে। রোববার ভোর সাড়ে ৪টার দিকে ওই এলাকায় একটি মোটরসাইকেলে করে আসা ২ যুবককে সন্দেহ হলে তাদের সিগন্যাল দিয়ে থামতে বলে চেকপোষ্টে কর্তব্যরত গোয়েন্দা পুলিশের সদস্যরা।
এ সময় মোটরসাইকেলে থাকা যুবকরা গোয়েন্দা পুলিশ সদস্যদের লক্ষ করে ককটেল, গুলি ও চাপতি দিয়ে হামলা চালায়। পরে গোয়েন্দা পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে ২ যুবক গুলিবিদ্ধ হয়। পরে গুলিবিদ্ধদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। পুলিশ ধারণা করছে, নিহতরা জেএমবি জঙ্গি গোষ্টির সদস্য।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি রিভলবার, ৩ রাউন্ড গুলি, একটি খালি গুলির খোসা, দু’টি চাপাতি, বোমা তৈরির নির্দেশিকা ও বেশ কিছু কম্পোজ করা জিহাদি লিফলেট, নগদ ১২শ’ টাকা ও একটি মোবইল সেট উদ্ধার করেছে।

Be the first to comment on "টাঙ্গাইলে পুলিশের সাথে বন্ধুকযুদ্ধে ২ জঙ্গী নিহত"