নিউজ ডেস্ক : টঙ্গীর টাম্পাকো ফয়েলস কারখানায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বিএনপির সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন ও তার স্ত্রীর নামে নতুন করে একটি মামলা করেছে পুলিশ।
মামলায় মকবুল হোসেনসহ মোট ১০ জনের নাম উল্লখ করে অজ্ঞাতপরিচয় আরও অনেককে আসামি করা হয়েছে।
কারখানা মালিক মকবুলের স্ত্রী মোসাম্মৎ পারভিন, কারখানার ব্যবস্থাপনা পরিচালক তানভির আহমেদ, জেনারেল ম্যানেজার সফিকুর রহমান, ম্যানেজার (প্রশাসন) মনির হোসেন, ম্যানেজার (সার্বিক) সমির আহমেদ, ম্যানেজার হানিফ ও ডিএমডি আলমগীর হোসেনের নামও রয়েছে আসামির তালিকায়।
প্রাথমিক তদন্তে কারখানা মালিকের ‘দায়িত্বে অবহেলার প্রমাণ’ পাওয়া গেছে জানিয়ে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ আগেই বলেছেন, ‘যে কোনো সময়’ মকবুল হোসেনকে তারা গ্রেপ্তার করতে পারেন।
টঙ্গী থানার ওসি মো. ফিরোজ তালুকদার জানান, ওই থানার এসআই অজয় কুমার চক্রবর্তী শনিবার রাতে টাম্পাকো মালিকের বিরুদ্ধে নতুন এই মামলা দায়ের করেন।
এর আগে গত ১২ সেপ্টেম্বর টাম্পাকো মারিকসহ আট কর্মকর্তাকে আসামি করে আরেকটি মামলা করা হয়। নিহত শ্রমিক জুয়েলের বাবা আব্দুল কাদের টঙ্গী থানায় ওই মামলা দায়ের করেন।
গত ১০ সেপ্টেম্বর টাম্পাকো ফয়েলস কারখানায় বিস্ফোরণের পর আগুন ধরে গেলে অন্তত ৩৪ জন নিহত হন, আহত হন আরও অন্তত ৪০ জন।
সিলেটে বিএনপির সাবেক সাংসদ সৈয়দ মো. মকবুল হোসেনের মালিকানাধীন ওই কারখানায় সেদিন ৭৫ জনের মতো কাজ করছিলেন।
সিপিবিসহ বিভিন্ন বাম দল ও শ্রমিক সংগঠনগুলো টাম্পাকোর ঘটনায় কারখানা মালিকের বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছে।
এর আগে তাজরীন ফ্যাশন ও রানা প্লাজা ধসে প্রাণহানির ঘটনার মামলাতেও কারখানা ও ভবন মালিককে আসামি করা হয়েছিল।

Be the first to comment on "টাম্পাকো মালিকের বিরুদ্ধে আরেক মামলা"