শিরোনাম

টেলিটকের ৩জি সম্প্রসারণে ১২০০ বেইজ স্টেশন হচ্ছে

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি মোবাইল অপারেটরদের সাথে পাল্লা দিতে থ্রি-জি নেটওয়ার্ক সম্প্রসারণ করছে টেলিটক। রাষ্ট্রায়ত্ত এই মোবাইল অপারেটর কোম্পানির জন্য ৬৭৫ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। এর মাধ্যমে টেলিটকের থ্রি-জি নেটওয়ার্ক সারাদেশে ছড়িয়ে পড়বে। একইসঙ্গে যেসব জায়গায় থ্রি-জি সেবা চালু রয়েছে তার মান আরও উন্নত হবে।
পরিকল্পনা কমিশন সূত্র জানায়, আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘৩জি প্রযু্ক্তি চালু করণ ও ২.৫জি নেটওয়ার্ক সম্প্রসারণ (ফেস-১) প্রকল্পটি চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে। রাজধানীর শেরে বাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিতব্য এ সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।
কমিশন সূত্রে জানা গেছে, প্রকল্পটির আওতায় থ্রি-জি নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য আনুষঙ্গিক যন্ত্রপাতিসহ দেশব্যাপী ১২০০টি বেইজ স্টেশন স্থাপন করা হবে। এছাড়া ৫০০টি ২.৫জি বিটিএস স্থাপনের মাধ্যমে সেবার মান উন্নয়ন করা হবে। একই সঙ্গে যেসব জায়গায় থ্রি-জি চালু রয়েছে সেখানে আধুনিক প্রযুক্তির (এইচএসপিএ+) প্ল্যাটফর্ম স্থাপন হবে। এতে করে বিদ্যমান থ্রি-জি সেবার সক্ষমতা বৃদ্ধি পাবে।
টেলিটকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রকল্পটিতে টেলিটকের পক্ষ থেকে ৬৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে। বাকি টাকা সরকারের নিজস্ব অর্থায়ন থেকে ব্যয় হবে।
তিনি বলেন, ২০১৭ সালের ডিসেম্বর নাগাদ এই প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কাজ শেষ হলে নতুন গ্রাহকের সংখ্যা বাড়বে এবং বিদ্যমান ৩জি ও ২.৫জি সেবার মান আরও উন্নত হবে।
জানা গেছে, বেসরকারি মোবাইল কোম্পানিগুলোর সাথে প্রতিযোগিতায় টেলিটক পেরে উঠছে না। টেলিটকের থ্রিজি সেবা চালু থাকলেও গ্রাহক বাড়ছে না উল্টো কমছে। কিন্তু বেসরকারি মোবাইল কোম্পানিগুলোর ইন্টারনেট বিল টেলিটকের চেয়ে অনেক বেশি। কয়েকটি কোম্পানি টেলিটকের তুলনায় দ্বিগুণ হারে ইন্টারনেট বিল রাখছে। এই অবস্থায় ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সরকার টেলিটকের নেটওয়ার্ক কার্যক্রম ও ইন্টারনেট সেবার মান বাড়াচ্ছে।
এ বিষয়ে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য খোরশেদ আলম চৌধুরী বলেন, গুরুত্ব বিবেচনায় প্রকল্পটি একনেকে অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে। অনুমোদন পেলে টেলিটক কোম্পানি প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পাবে।

basic-bank

Be the first to comment on "টেলিটকের ৩জি সম্প্রসারণে ১২০০ বেইজ স্টেশন হচ্ছে"

Leave a comment

Your email address will not be published.


*