নিউজ ডেস্ক : ভারতের অধিনায়ক বিরাট কোহলি স্পর্শ করতে যাচ্ছেন আরেকটি মাইলফলক। ১৭ নভেম্বর বিশাখাপত্তমে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামছে ভারত। আর সেটি হতে যাচ্ছে ২৮ বছরের কোহলির ক্যারিয়ারের ৫০তম টেস্ট।
২০১১ সালের জুনে জ্যামাইকার কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক কোহলির। ৬ বছরের মধ্যেই করে ফেলছেন টেস্ট খেলার হাফ সেঞ্চুরি। ভারত প্রতিবছর উল্লেখযোগ্য অংকের টেস্ট খেলে বলেই এত দ্রুত তা সম্ভব হচ্ছে। যেখানে ২০০৫ সালে টেস্ট অভিষেকের পর মাত্র গত মাসেই ক্যারিয়ারের ৫০তম টেস্ট খেলেছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। তাও বাংলাদশের ইতিহাসেরই তৃতীয় খেলোয়াড় হিসেবে।
রাজকোটে প্রথম ম্যাচটি ড্র হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে মাইলফলক টেস্টে কোহলির তাই জয়ের টার্গেট থাকবে। ৫ ম্যাচের সিরিজ এটি। কোহলি ভারতের ২৮তম খেলোয়াড় হিসেবে ৫০ বা তার বেশি টেস্ট খেলার রেকর্ডের ক্লাবে ঢুকতে যাচ্ছেন। ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকার দেশটির হয়ে সর্বোচ্চ ২০০ টেস্ট খেলেছেন।
কোহলি তার খেলা ৪৯ টেস্টে ৩৬৪৩ রান করেছেন। ১২টি সেঞ্চুরি তার। ফিফটি ১২টি। তার সর্বোচ্চ স্কোর ২১১। ৪৯ টেস্ট খেলা এরপলি প্রসন্ন ও কিরন মোরেকে ছাড়িয়ে যাবেন কোহলি। ভারতকে ১৮ টেস্টে নেতৃত্ব দিয়ে ১০টিতে জিতিয়েছেন কোহলি। ভারতের ইতিহাসের চতুর্থ সফল টেস্ট অধিনায়ক তিনি।

Be the first to comment on "টেস্ট খেলার হাফ সেঞ্চুরি করতে যাচ্ছেন কোহলি"