নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন নৌবাহিনীর সাবেক ভাইস অ্যাডমিরাল রবার্ট হারওয়ার্ড। হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, বিতর্কের মুখে গত সোমবার মাইকেল ফ্লিনের পদত্যাগের পর হারওয়ার্ডকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু তিনি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, প্রস্তাব গ্রহণ না করার বিষয়ে হারওয়ার্ড পারিবারিক ও আর্থিক কারণ উল্লেখ করেছেন।
তবে হারওয়ার্ডের সিদ্ধান্তের পেছনে ভিন্ন কারণ রয়েছে বলে মার্কিন গণমাধ্যমে বলা হচ্ছে। খবরে জানানো হয়, পদ গ্রহণের প্রশ্নে প্রশাসনে নিজের লোক আনতে চেয়েছিলেন হারওয়ার্ড। হারওয়ার্ডের সিদ্ধান্ত সম্পর্কে অবগত দুটি সূত্রও একই কথা জানিয়েছে। তাদের ভাষ্য, হারওয়ার্ড নিজের লোকজন আনতে চেয়েছিলেন। আর এ নিয়েই ট্রাম্পের সঙ্গে মতভেদের জেরে পদ গ্রহণে অস্বীকৃতি জানান তিনি।
লকহিড মারটিন নামের একটি প্রতিষ্ঠানে জ্যেষ্ঠ নির্বাহী হিসেবে কর্মরত আছেন হারওয়ার্ড। রাশিয়ার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়া নিয়ে দেশটির এক কূটনীতিকের সঙ্গে আলোচনার অভিযোগের মুখে পদত্যাগে বাধ্য হন ফ্লিন।
সূত্র: বিবিসি বাংলা

Be the first to comment on "ট্রাম্পের উপদেষ্টা পদের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন হারওয়ার্ড"