নিউজ ডেস্ক : শিক্ষকদের দাবির প্রেক্ষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি একদিনের পরিবর্তে দুই দিন করা হয়েছে। আসছে ডিসেম্বর থেকে প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত ২১ অক্টোবর অনুষ্ঠিত বিশেষ সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। দুই দিন ছুটির কারণে বিশ্ববিদ্যালয়ের কর্মঘণ্টা পরিবর্তন করে সকাল সাড়ে আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত করা হয়েছে। যা আগে সকাল সাড়ে সাতটা থেকে দুপুর দুইটা পর্যন্ত ছিল।
এছাড়া প্রতিদিন বেলা একটা থেকে দেড়টা পর্যন্ত আধাঘন্টা মধ্যাহ্নভোজ ও নামাজের বিরতি থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। সিন্ডিকেট সচিব ও রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি দীর্ঘদিন ধরে দুই দিন সাপ্তাহিক ছুটির দাবি জানিয়ে আসছিল। ২১ অক্টোবরের সিন্ডিকেট সভায় আলোচনার মাধ্যমে সিন্ডিকেট সদস্যরা দুই দিন ছুটির সিদ্ধান্ত নেন। কর্মঘণ্টা পরিবর্তনের ফলে ঢাকা-ক্যাম্পাস যাতায়াতের গাড়ির সময়সূচি পরে জানানো হবে।
এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক বশির আহমেদ বলেন, দেশের অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে দুই দিন সাপ্তাহিক ছুটি কার্যকর আছে। গত এপ্রিলে সপ্তাহে দুই দিন ছুটির দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা সুপারিশ করি। দুইটায় অফিস ছুটি হওয়ার কারণে কর্মকর্তা-কর্মচারীদের সাথে শিক্ষকদের সময়ে একপ্রকার সমন্বয়হীনতা চলে আসছিল। মোটামুটি অর্ধদিবস কর্মঘণ্টা কার্যকর থাকায় শিক্ষা ও গবেষণায় এর প্রভাব পড়ত। এখন দুইদিন সাপ্তাহিক ছুটি হওয়ায় সে সংকট কেটে যাবে। যা শিক্ষা ও গবেষণাকে আরও গতিশীল করবে বলে আমরা মনে করি।

Be the first to comment on "ডিসেম্বর থেকে জাবিতে সাপ্তাহিক ছুটি দুই দিন"