শিরোনাম

তাভেল্লা হত্যা ॥ বিএনপি নেতা কাইয়ুমসসহ ৭ জনের বিচার শুরু

নিউজ ডেস্ক : ইতালির নাগরিক চেজারে তাভেল্লা হত্যা মামলায় বিএনপি নেতা এম এ কাইয়ুমসহ সাত জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।

ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হোসেন মোল্লা আজ মঙ্গলবার আলোচিত এই মামলায় ২৪ নভেম্বর সাক্ষ্যগ্রহণের দিন রেখেছেন।

এই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শাহ আলম তালুকদার জানান, আদেশের সময় সাত আসামির মধ্যে কারাগারে থাকা পাঁচ জন হাজির ছিল। বাকি দুজন পলাতক রয়েছেন।

এদিকে অভিযোগ গঠনের এই আদেশের বিরুদ্ধে হাই কোর্টে যাবেন বলে মামলার প্রধান আসামি কাইয়ুমের আইনজীবী সানাউল্লাহ মিয়া জানিয়েছেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমার মক্কেল এই ঘটনায় জড়িত না হলেও তাকে মামলার আসামি করা হয়েছে। এই চ্যালেঞ্জ করে হাই কোর্টে যাব।”

২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় ঢাকার কূটনৈতিক পাড়ায় জঙ্গি কায়দায় এই বিদেশিকে হত্যা করা হয়েছিল।

পুলিশ তদন্তের পর গত ২২ জুন ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ওয়ার্ড কমিশনার কাইয়ুমসহ সাত জনকে আসামি করে অভিযোগপত্র দেয়।

এই বিচারক ছুটিতে থাকায় এর আগে মঙ্গলবার নির্ধারিত দিনে আসামি পক্ষ আলোচিত এই মামলার অভিযোগ গঠনের শুনানি করতে রাজি হয়নি।

তাদের বক্তব্য শুনে ভারপ্রাপ্ত বিচারক জজ শামসুন্নাহার ২৫ অক্টোবর শুনানির জন্য দিন ঠিক করেছিলেন।

এই মামলায় কারাবন্দী আসামিরা হলেন- কাইয়ুমের ভাই আবদুল মতিন, রাসেল চৌধুরী, তামজিদ আহম্মেদ, মিনহাজুল আরেফিন ওরফে ভাগ্নে রাসেল ও শাখাওয়াত হোসেন। কাইয়ুম ও ভাঙ্গারি সোহেল শুরু থেকে পলাতক।

 

basic-bank

Be the first to comment on "তাভেল্লা হত্যা ॥ বিএনপি নেতা কাইয়ুমসসহ ৭ জনের বিচার শুরু"

Leave a comment

Your email address will not be published.


*