শিরোনাম

দেশের উদ্দেশে প্রধানমন্ত্রীর মরক্কো ত্যাগ

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ জলবায়ু সংক্রান্ত (কপ-২২) সম্মেলনে যোগদান শেষে বুধবার বিকেলে দেশের উদ্দেশে মরক্কো ত্যাগ করেছেন।

প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি (বিজি-১০২০) স্থানীয় সময় বুধবার বিকেল তিনটা ১৫ মিনিটে দেশের উদ্দেশে মরক্কোর মেনারা বিমানবন্দর ত্যাগ করে। ফ্লাইটটি বৃহস্পতিবার সকালে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে।

প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানান মরক্কোর সংস্কৃতিমন্ত্রী মোহামেদ আমিন সবিহি, মরক্কোয় বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন এবং মরক্কো সরকার ও বাংলাদেশ দূতাবাসের সিনিয়র কর্মকর্তাবৃন্দ।

বৈশ্বিক জলবায়ু সম্মেলন হিসেবে পরিচিত মারাকেশ সম্মেলনে বাংলাদেশসহ ৮০টি দেশের রাষ্ট্র প্রধান ও সরকার প্রধান এবং ১১৫টি দেশের সিনিয়র মন্ত্রীরা যোগদান করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানদের সঙ্গে মঙ্গলবার সকালে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

গতকাল রাতে সম্মেলনে তাঁর দেওয়া ভাষণে জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করেন শেখ হাসিনা। তিনি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে জলবায়ুজনিত অভিবাসন সমস্যা সমাধানে বৈশ্বিক উদ্যোগের আহ্বান জানান।

এর আগে তিনি কপ-২২ সম্মেলনে যোগদানের জন্য সোমবার বিকেলে মরক্কোয় পৌঁছান।

প্রধানমন্ত্রীর ৫৮ সদস্যের সফর সঙ্গী দলে অন্যান্যর মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।

basic-bank

Be the first to comment on "দেশের উদ্দেশে প্রধানমন্ত্রীর মরক্কো ত্যাগ"

Leave a comment

Your email address will not be published.


*