শিরোনাম

দেশের মানুষের জন্য কিছু করাই আমার আকাঙ্খা : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : দেশের মানুষের জন্য কিছু করাই আমার একমাত্র আকাঙ্খা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ৭৫ থেকে ৮১ সাল পর্যন্ত দেশের বাইরে ছিলাম। দেশে ফিরে আমি চেয়েছি গণতন্ত্র ফিরিয়ে আনতে, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের তদন্ত করতে। তিনি যাদের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন সেসব মানুষদের জন্য কিছু করাই আমার একমাত্র আকাঙ্খা।

প্রধামন্ত্রী শেখ হাসিনা  বিএনপি নেত্রীর প্রতি ইঙ্গিত দিয়ে বলেন, শুধুমাত্র বঙ্গবন্ধুকে হেয় করার জন্য, কষ্টের মধ্যে আমাদের আঘাত করতে সেজে-গুজে এ দিনটিতে ভুয়া জন্মদিনের উৎসব করতেন। তার জন্মদিন ১৫ আগস্ট নয়। খুনিদের বোঝাতেন, তিনি তাদের সঙ্গে আছেন। ১২ আগস্ট তার ছেলে কোকোর জন্মদিন ছিল। ছেলে মারা গেছে, মা হয়ে ছেলের জন্মদিন পালন করতে পারেননি, তাই নিজেরটাও পালন করেননি। এখানে কোনো রাজনৈতিক উদারতা নেই।

এর আগে অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধু ও ১৫ আগস্ট শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে দলের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফজাল হোসেন, কেন্দ্রীয় সদস্য এসএম কামাল হোসেন প্রমুখ বক্তব্য দেন।

অনুষ্ঠানে ১৫ আগস্ট নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য নূহ উল আলম লেনিন। এ ছাড়া সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ‘৩২ নম্বর মেঘের ওপারে’ শীর্ষক একটি কবিতা আবৃত্তি করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল।

basic-bank

Be the first to comment on "দেশের মানুষের জন্য কিছু করাই আমার আকাঙ্খা : প্রধানমন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*