নিউজ ডেস্ক: বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা বলেছেন, দৃঢ়ভাবে বলা যায় বিশ্বের অন্য যেকোনো দেশের জন্য বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির এক উদাহরণ। অন্যান্য ধর্মাবলম্বীরাও এখানে নিষ্ঠার ধর্মীয় সম্প্রীতির আবহে তাদের ধর্মকর্ম পালন করেন। এটি এ দেশের ঐতিহ্য ও গর্ব। তবে মাঝে মাঝে সংবাদপত্রে ধর্মীয় বিভেদের কারণে খুন, মারামারি এবং ভাংচুরের সংবাদ দেখা যায়। এটা যে কেবল ভিন্ন ধর্মাবলম্বী হওয়ার কারণে তা নয়, মুসলিমদের বিভিন্ন সম্প্রদায়ের মাঝেও এ রকম ঘটতে দেখা যায়। প্রধান বিচারপতি বলেন, উগ্র মতাদর্শকে আমি যেমন সমর্থন করি না আপনারাও নিশ্চয়ই করবেন না।
মঙ্গলবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট মাজার মসজিদে হজরত শাহ খাজা শরফুদ্দীন চিশতি (রা.)-এর স্মরণে দুই দিনব্যাপি ওরশ মোবারকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এক ধর্মের মানুষ অন্য ধর্মাবলম্বীদের সহ্য করতে না পারা অথবা ভিন্নমতের কারণে যদি মানুষকে হত্যা করতে হয় তাহলে পৃথিবী মানুষের জন্য বাসযোগ্য থাকবে না বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্ট মাজার ও মসজিদ প্রশাসন কমিটির সভাপতি আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাজার কমিটির সদস্য বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন, বিচারপতি মো. নুরুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হক, প্রধান বিচারপতি একান্ত সচিব ও জেলা জজ মো. আনিসুর রহমান ও মাজার কমিটির সদস্য সচিব হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন) সাব্বির ফয়েজ প্রমুখ।
ওরশ মোবারক উপলক্ষে মেধাবী ১শ ৩১ শিক্ষার্থীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে বৃত্তির চেক প্রদান করা হয়।
প্রধান বিচারপতি আরো বলেন, মানব জীবনের চালিকা শক্তি হচ্ছে ধর্ম। আধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তি, সভ্যতা মানুষের লোভকে লাগামহীন করে তুলেছে। সারা বিশ্বে মানবতা আজ বিপর্যস্ত ও বিপন্ন। আমাদের মাঝে ন্যায়বিচার, সুশাসন, কল্যাণ, ঐক্য, শৃঙ্খলা ও নৈতিকতাবোধের বড়ই অভাব। মানুষের আত্মকেন্দ্রিকতা যে লোভ ও আগ্রাসনে উৎসরিত হয়েছে তাই মানুষের মন্দ কাজের মূল। লোভ জীবনের সহজাত।
প্রধান বিচারপতি বলেন, প্রযুক্তির ক্ষেত্রে মানুষ অনেক অগ্রসর হয়েছে। কিন্তু নৈতিক ক্ষেত্রে মানুষ যা অর্জন করেছে, তা হতাশাজনক। এটা শুধু হতাশাজনকই নয় বিপজ্জনকও বটে।

Be the first to comment on "ধর্মীয় সম্প্রীতির এক উদাহরণ বাংলাদেশ"