নিউজ ডেস্ক : ঢাকার ধামরাইয়ে এক রাতে চার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসেটসহ প্রায় আট লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে দুর্বৃত্তরা।
এ সময় ডাকাতদের অস্ত্রের আঘাতে চারজন আহত হন। গতকাল সোমবার রাতে উপজেলার সোমভাগ ইউনিয়নের পূর্বদেপাশাই গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা জানায়, সোমবার রাতে পূর্বদেপাশাই গ্রামের সোলাইমানের বাড়িতে একদল ডাকাত প্রথমে সোলাইমানের স্ত্রী শিউলী বেগমকে ডেকে তোলে। পরে তাকে জিম্মি করে পাশের বাড়ি ফরহাদ হোসেনের ঘরে ঢুকে পরিবারের সবাইকে জিম্মি করে দেড় লাখ টাকা, সাড়ে চার ভরি স্বর্ণালংকার, দুটি মোবাইল ফোন সেট লুট করে দুর্বৃত্তরা। পরে একই কায়দায় হেলাল উদ্দিনের ঘরে ঢুকে ৬৫ হাজার টাকা, দুটি মোবাইল ফোনসেট, একই গ্রামের আলকাস আলীর ঘরে ঢুকে পরিবারের সবাইকে জিম্মি করে ছয় হাজার টাকা, ছয় ভরি স্বর্ণালংকার, দুই ভরি রৌপ্য এবং একটি মোবাইল ফোনসেট লুট করে দুর্বৃত্তরা। এ সময় ডাকাতদলের অস্ত্রের আঘাতে ফরহাদ, আলকাস এবং হেলাল উদ্দিনসহ চারজন আহত হন।
এ ব্যাপারে ধামরাই থানার ওসি মোহাম্মাদ রিজাউল হক জানান, ডাকাতির ঘটনায় কেউ কোনো অভিযোগ দেয়নি। উল্লেখ্য, গত রবিবার রাতে একই ইউনিয়নের শৈলান ও ভুরবাড়িয়া গ্রামের দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।

Be the first to comment on "ধামরাইয়ে এক রাতে চার বাড়িতে ডাকাতি"