নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের পক্ষে প্রচার-প্রচারণার জন্য কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠন করেছে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে প্রধান সমন্বয়ক ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনকে সদস্যসচিব করে এ কমিটি গঠন করা হয়।
মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসিচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী কমিটি গঠনের বিষয়টি সাংবাদিকদের জানান। কমিটির সদস্য হিসাবে রয়েছেন যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবীর খোকন, ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল।
এ ছাড়া দলীয় গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির সকল অঙ্গসংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটির সদস্য হিসাবে অন্তর্ভুক্ত থাকবেন বলেও জানান রিজভী। উল্লেখ্য, আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।

Be the first to comment on "নাসিক নির্বাচনে বিএনপির সমন্বয় কমিটি ঘোষণা"