নিউজ ডেস্ক : স্বচ্ছ সমুদ্রতট। এই ভাবনাতেই মাত্র দু’জন মানুষ মিলে শুরু হয়েছিল পথচলা।
২০১৫-র জুলাইয়ে মুম্বাইয়ের ভারসোবা বিচ পরিস্কারের কাজে নামেন ব্যবসায়ী আফরোজ শাহ ও তাঁর ৮৪ বছরের প্রতিবেশী হরবংশ মাথুর। বছর পেরিয়ে তা এখন রীতিমত একটা আন্দোলনে পরিণত হয়েছে। স্বচ্ছতার এই অভিযানকেই সম্মান জানাল জাতিসংঘের শীর্ষ পরিবেশ সম্মান আর্থ অ্যাওয়ার্ড।
‘অ্যাকশন অ্যান্ড ইন্সপিরেশন’ ক্যাটাগরিতে এই পুরস্কার পেলেন আফরোজ শাহ। নিজেকে সমুদ্রপ্রেমী বলতেই ভালোবাসেন পেশায় আইনজীবী মুম্বাইবাসী আফরোজ। নিজের হাতে করে সমুদ্রের তটে পড়ে থাকা প্লাস্টিকের ব্যাগ, সিমেন্টের বস্তা, কাঁচের গ্লাস, কাপড়ের টুকরো, ছেঁড়া জুতা সব পরিস্কার করেন আফরোজ। তাঁকে দেখে অনেকেই উত্সাহিত হয়ে এগিয়ে এসেছেন। গত একবছরে ভারসোভা বিচ থেকে ৪,০০০ টন আবর্জনা পরিস্কার করেছেন আফরোজরা।
আফরোজের এই কাজের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছেন ইউনাইটেড নেশনস প্যাট্রন অফ ওশেন লিউই পাগ। গোটা বিশ্বের ইতিহাসে এটাই বৃহত্তম সমুদ্রতট পরিস্কার অভিযান বলে জানিয়েছেন তিনি। যে স্বেচ্ছাসেবীরা তাঁর কাজে সাহায্য করেছেন, এই সম্মান তাঁদের উদ্দেশ্যে উত্সর্গ করেছেন আফরোজ। সমুদ্র রক্ষায় আমাদের সবার এগিয়ে আসা দরকার বলে জানিয়েছেন তিনি।
সূত্র: এই সময়

Be the first to comment on "নোংরা বিচ সাফ, জাতিসংঘে সেরার সম্মান আফরোজের"