শিরোনাম

ন্যাম খুনের পেছনে উত্তর কোরিয়ার হাত রয়েছে!

নিউজ ডেস্ক : কিম জং-উনের সৎ ভাই কিম জং-ন্যামের খুনের পেছনে উত্তর কোরিয়ার গুপ্তচরদের হাত রয়েছে বলে ধারণা করছে যুক্তরাষ্ট্র। দেশটির একটি সরকারি সূত্র এ তথ্য জানিয়েছে। তবে ঠিক কীভাবে তাকে হত্যা করা হয়েছে তা স্পস্ট করেনি মার্কিন কর্তৃপক্ষ।

পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার মধ্যে গুটিকয়েক যেসব দেশের সঙ্গে উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তার মধ্যে মালয়েশিয়া অন্যতম। এমনকি মালায়েশিয়া ও উত্তর কোরিয়ার নাগরিকরা ভিসা ছাড়াই একে অপরের দেশে যেতে পারেন। আর কিম জং-ন্যামকে খুনের জন্য ওই দেশটিকেই বেছে নেওয়া হয়েছে।

দক্ষিণ কোরিয়ার টিভি চোসুনের খবরে বলা হয়, মঙ্গলবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বিমানবন্দরে তাকে বিষপ্রয়োগে হত্যা করা হয়েছে। বিবিসি জানায়, বিমানবন্দরেই হত্যার টার্গেট হন ৪৫ বছর বয়সী কিম জং-ন্যাম। তিনি উত্তর কোরিয়ার সাবেক নেতা কিম জং-ইল এর বড় ছেলে। দীর্ঘ সময় উত্তর কোরিয়ার বাইরে থাকা ন্যাম নিজেদের পরিবারতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।

এদিকে, দক্ষিণ কোরিয়ার কয়েকজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে দেশটির কেবল টেলিভিশন নেটওয়ার্ক চোসুন এর খবরে বলা হয়, দুই নারী বিমানবন্দরে সূঁচের মাধ্যমে কিম জং-নামকে বিষ প্রয়োগ করেছে। ওই দুই নারী উত্তর কোরিয়ার চর বলে ধারণা করা হচ্ছে। তারা ট্যাক্সিতে করে পালিয়ে গেছে এবং ধরা ছোঁয়ার বাইরে রয়েছে।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় অবশ্য এ খবর নিশ্চিত করতে পারেনি। রয়টার্সও বিষয়টি নিশ্চিত হতে পারেনি। তবে কিম এর পরিবারের ঘনিষ্ঠ এক ব্রিটিশ কর্মকর্তা বিবিসি কে জানান, মৃত্যুর ঘটনায় বিষপ্রয়োগ ঘটেছে। ২০০১ সালে ভুয়া পাসপোর্ট ব্যবহার করে জাপানে প্রবেশের চেষ্টা করার সময় ধরা পড়েছিলেন কিম জং-ন্যাম। তখন তিনি কর্মকর্তাদের বলেছিলেন, তিনি টোকিওতে অবস্থিত ডিজনিল্যান্ডে যেতে চেয়েছিলেন। ওই ঘটনার পর তিনি বাবা কিম জং-ইলের আস্থা হারান বলে ধারণা করা হয়।

২০১১ সালে তার থেকে বয়সে ছোট সৎ ভাই কিম জং-উন উত্তর কোরিয়ার নেতা হন। কিম জং-নাম বেশিরভাগ সময় বিদেশে বিশেষ করে ম্যাকাউ, সিঙ্গাপুর এবং চীনে কাটিয়েছেন। এ আগেও কিম জং-নামকে হত্যার চেষ্টা করা হয়েছিল। ২০১২ সালে উত্তর কোরিয়ার একজন গুপ্তচরকে কারাদণ্ড দেয় দক্ষিণ কোরিয়া। ওই গুপ্তচর কিম জং-নামকে গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ ছিল।

basic-bank

Be the first to comment on "ন্যাম খুনের পেছনে উত্তর কোরিয়ার হাত রয়েছে!"

Leave a comment

Your email address will not be published.


*