নিউজ ডেস্ক : পরমাণু অস্ত্রবহণে সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্র বাবর ৩ এর সফল পরীক্ষা করল পাকিস্তান। এই প্রথম এই ধরনের পরীক্ষা চালাল ইসলামাবাদ।
সাবমেরিন থেকে ৪৫০ কিলোমিটার দূরের যেকোনো লক্ষ্যবস্তুতে এই ক্ষেপণাস্ত্র আঘাত হানতে পারবে বলে দাবি করেছে পাকিস্তানি সেনার জনসংযোগ বিভাগ। সোমবার ভারত মহাসাগরের তলদেশে কোনো অজ্ঞাত জায়গায় এই পরীক্ষা চালানো হয়। এর ফলে পাকিস্তানি নৌবাহিনী আরো শক্তিশালী হয়ে গেল।
ডিসেম্বরে বাবর ২ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছিল তারা। বাবর ৩ আরো বিধ্বংসী। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এসএলসিএম প্রযুক্তির এই ক্ষেপণাস্ত্র পানির নিচে থেকেই পরিচালনা করা যাবে। নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে পারবে। দিক ঠিক রাখার জন্য এতে থাকছে গ্লোবাল নেভিগেশন, টেরেন এবং ম্যাচিং সিস্টেম প্রযুক্তি। এর ফলে সমুদ্রের মধ্যে লুকিয়ে স্থলের কাছে গিয়েও আঘাত করতে পারবে বাবর ৩।
প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বাবর ৩ এর সফল উৎক্ষেপণের জন্য দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, বাবর ৩ এর সফল পরীক্ষা পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও স্বনির্ভর করল। ভারতের এই ধরনের পরমাণু অস্ত্রবহণ সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্র নির্ভয় তিনের মধ্যে দুটি পরীক্ষায় সফল হয়নি। সফল হয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কে ৪ সাবমেরিন ‘অরিহন্ত’। যেকোনো সময়ই এটি নৌবহরের অন্তর্ভুক্ত হবে, এবং এর পাল্লা ৩,৫০০ কিলোমিটার।

Be the first to comment on "পরমাণু ক্ষেপণাস্ত্র বাবর ৩ এর সফল উৎক্ষেপণ পাকিস্তানের"