নিউজ ডেস্ক : এবারের ঈদের অন্যতম আর্কষণ পরীমনির মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘রক্ত’। এরই মধ্যে প্রকাশিত হয়েছে সিনেমাটির টিজার ও গান। ‘রক্ত’ এ পরীমনির অভিনয় ও নাচের প্রশংসা পেয়েছে।
এখন চলছে ছবিটির আবহসংগীতের কাজ। ছবিটির আবহসংগীতের কাজ করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ইমন সাহা।
চেন্নাইয়ে আবহসংগীতের কাজ করতে গিয়েই পরীমনির অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন। পরীমনির অভিনয় মুগ্ধতার কথা তিনি প্রকাশও করেছেন।
ভারতের চেন্নাইয়ের প্রসাদ স্টুডিওতে চলছে ‘রক্ত’ ছবির আবহসংগীতের কাজ। এ কাজ চলবে আরও কয়েক দিন। পরীমনির অভিনয়ে মুগ্ধ ইমন সাহা বলেন, ‘এই ছবিটি নিয়ে এত দিন চারদিক থেকে অনেক ইতিবাচক কথা শুনেছি। ইউটিউবে টিজার ও গান দেখে ভালোও লেগেছে। এবার তো আবহসংগীতের কাজ করতে গিয়ে আমি রীতিমতো অবাক! পরীমনির অভিনয় আমাকে সত্যিই অভিভূত করেছে। আমার বিশ্বাস, ছবিটি মুক্তির পর সবাই তা উপলব্ধি করতে পারবেন। সে যেন চলচ্চিত্রে সফল হয়, সেই আশীর্বাদ রইল।’
এদিকে আজ মঙ্গলবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে ‘রক্ত’ সিনেমা নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে ছবিটির মুক্তি অন্যান্য বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Be the first to comment on "পরীমনিতে মুগ্ধ ইমন সাহা"