নিউজ ডেস্ক : পাকিস্তানের আফগান সীমান্তের কাছে গোলযোগপূর্ণ উপজাতীয় এলাকায় আজ শনিবার আত্মঘাতী হামলায় দুই পাকিস্তানী সৈন্যসহ ছয়জন নিহত হয়েছেন। নিহত বাকি চারজন হামলাকারী। এ ঘটনায় আরো ১৪ জন আহত হয়েছেন। দেশটির সেনাবাহিনী একথা জানিয়েছে। কমপক্ষে চার আত্মঘাতী হামলাকারী উপজাতীয় মোহমান্দ অঞ্চলের গালানি শিবিরে ঢুকে সেখানকার আবাসিক এলাকার একটি মসজিদে হামলা চালায়। এ সময় বিপুল সংখ্যক সৈন্য ফজরের নামাজ আদায় করছিল।
সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা হামলাকারীদের চারদিক থেকে ঘিরে ফেলে। এ সময় দু’জন হামলাকারী শরীরে বেঁধে রাখা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটায়। অপর দু’জন নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে নিহত হন।
এতে আরো বলা হয়, এই হামলায় আধাসামরিক ফ্রন্টিয়ার কর্পসের দুই সৈন্য শহীদ ও অপর ১৪ সৈন্য আহত হয়েছেন। ২৫ অক্টোবর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নগরী কোয়েটার উপকণ্ঠে একটি পুলিশ অ্যাকাডেমিতে উগ্রবাদীদের হামলায় ৫৮ জন নিহত হওয়ার এক মাস পর সর্বশেষ হামলাটি চালানো হলো।

Be the first to comment on "পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলা, হতাহত ২০"