নিউজ ডেস্ক : বিদ্যার দেবী সরস্বতী। বইকে বিদ্যা হিসেবে মানা হয়।
আর সেই সরস্বতী পূজাতে পাঠ্যপুস্তককের পাতা ছিঁড়ে বিতরণ করা হল প্রসাদ। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের নিমাতিঝোড়া নিন্ম বুনিয়াদি বিদ্যালয়ে। যা নিয়ে দানা বেঁধেছে বিতর্ক। ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা ও ছাত্রছাত্রীদের অভিভাবকরা। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন আলিপুরদুয়ার জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) নৃপেন সিনহা।
আজ সরস্বতী পূজা উপলক্ষে আর পাঁচটা বিদ্যালয়ের পাশাপাশি নিমাতিঝোড়া নিন্ম বুনিয়াদি বিদ্যালয়েও আয়োজনের কোনও ত্রুটি ছিল না। সাত সকালে পুজোর আয়োজন সেরে ফেলা হয়। বেলা গড়াতে শুরু হয় পুজো। আর পুজো শেষে প্রসাদ বিতরণকে কেন্দ্র করে শুরু হয় বিতর্ক। দেখা যায়, শিক্ষকদের সামনে বইয়ের পাতা ছিঁড়ে ছাত্র ছাত্রীদের মধ্যে প্রসাদ বিতরণ করা হচ্ছে। বিষয়টি জানাজানি হতেই শোরগোল পরে যায়।
এবিষয়ে দীপঙ্কর ঘোষ নামে এক অভিভাবক জানান, “স্কুলের চৌহুদ্দির মধ্যে এমন ঘটনা কীভাবে ঘটল সেটা বুঝতে পারছি না। শালপাতা কিনে টাকা খরচ করার ভয়ে এই কাজ করেছে স্কুল কর্তৃপক্ষ। এটা কখনও কাম্য নয়। ”
এবিষয়ে স্কুলের টিচার ইন চার্জ সংযুক্তা লাহিড়ি চৌধুরী জানান, “এটা ভুলবশত হয়েছে। বিষয়টি আমাদের নজরে আসতেই তা বন্ধ করে দেওয়া হয়। ফল প্রসাদ বিতরণের জন্য উপযুক্ত ব্যবস্থা ছিল স্কুলে। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। ”
জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) নৃপেন সিনহা জানান, “কোনও বিদ্যালয়েই এই ধরনের ঘটনা কাম্য নয়। বিষয়টি খতিয়ে দেখা হবে। ”
– ইনাডুবাংলা

Be the first to comment on "পাঠ্য বইয়ের পাতা ছিঁড়ে স্কুলে প্রসাদ বিতরণ!"