নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যানটি অনেকদিন ধরেই ফর্মের বাইরে আছেন। এ নিয়ে আবারও শুরু হয়েছে সমালোচনা। ভারতের বিপক্ষে হায়দরাবাদ টেস্টের দ্বিতীয় ইনিংসে তবু কিছু রান পেয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন মাহমুদ উল্লাহ রিয়াদ। সেই ধারাবাহিকতা বজায় রাখলেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এ। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে পিএসএলে প্রথম ম্যাচেই অপরাজিত ইনিংস খেললেন রিয়াদ।
বুধবার রাতে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে রিয়াদের দল। আসাদ শফিক সর্বোচ্চ ৪৫ রান করলেও তা টি-টোয়েন্টি মেজাজের ছিল না। এই রান করতে তিনি খরচ করেন ৪২টি বল! ১৫ বলে ২৬ রান করে আহমেদ শেহজাদ ফিরলে চাপে পড়ে কোয়েটা। এরপর মাহমুদ উল্লাহর ২০ বলে ২ চার ১ ছক্কায় অপরাজিত ২৯ আর শ্রীলঙ্কার থিসারা পেরেরার ১৮ বলে ২৭ রানের ইনিংসে দলীয় সংগ্রহ ৬ উইকেটে ১৪৮ রানে দাঁড়ায়।
তবে দুঃখজনক বিষয় হলো এই সংগ্রহ নিয়ে জিততে পারেনি রিয়াদের দল। ১৯ ওভার ১ বলে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায় ইসলামাবাদ। ৫০ বলে ৮টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ৭৮ রান করে দলকে একাই জয়ের বন্দরে নিয়ে যান স্যাম বিলিংস। শেন ওয়াটসন করেন ২৭ বলে ৩৬ রান। ম্যাচ সেরার পুরস্কার ওঠে বিলিংসের হাতেই। বিপিএলের চতুর্থ আসরের টুর্নামেন্ট সেরা মাহমুদ উল্লাহ এ দিন বোলিং করেননি।

Be the first to comment on "পিএসএলে অপরাজিত ইনিংস খেললেন মাহমুদ উল্লাহ"