শিরোনাম

পিসিবির দেয়া সুযোগ কি হাতছাড়া করবেন আফ্রিদি!

নিউজ ডেস্ক : নিজের প্রথম ব্যাটিং ইনিংসেই বিশ্ব রেকর্ড গুঁড়িয়ে দিয়ে শুরু করেছিলেন যাত্রা। মাত্র ৩৭ বলে করেছিলেন ওয়ানডে সেঞ্চুরি। প্রায় ২০ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা শহীদ আফ্রিদিকে মাঠ থেকেই বিদায় নেয়ার সুযোগ করে দিতে চায় পিসিবি।

আগামী ২৩, ২৪ ও ২৭ সেপ্টেম্বর আরব আমিরাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। এই সিরিজে সুযোগ পেতে পারেন আফ্রিদি, যদি আনুষ্ঠানিক ভাবে বিদায়ের ঘোষণা দেন।

৩৬ বছর বয়সী আফ্রিদিকে ছাড়াই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলেছে পাকিস্তান। বলা হচ্ছে জাতীয় দলের দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে তার জন্য।

যদিও আফ্রিদি কদিন আগে সাংবাদিকদের বলেছেন, এখনই অবসর নেয়ার কোনো ইচ্ছাই তার নেই। পিসিবি আফ্রিদিকে আরেকটি সুযোগ দিতে চায়। এভাবে যেন তার শেষটা না হয়। এ কারণে এই সিরিজে দলে নেয়া হতে পারে তাকে। এটাই আফ্রিদির জন্য শেষ সুযোগ। এরপর আগামী বছর এপ্রিলের আগে আর টি-টোয়েন্টি খেলবে না পাকিস্তান।

পিসিবি আফ্রিদিকে এরই মধ্যে পরিষ্কার বার্তা দিয়েছে, ভবিষ্যৎ মাথায় রেখে যে দল পাকিস্তান গড়ছে, তাতে আফ্রিদির জায়গা নেই। এ কারণে আর কোনো সুযোগ তিনি পাবেন না। তাই হয়তো মাঠে খেলে বিদায় নিতে হবে। না হলে এভাবে আড়ালেই শেষ হয়ে যাবে ক্যারিয়ার, পাকিস্তানের অনেক তারকার ক্ষেত্রেই যেটি ঘটেছে। আফ্রিদির জন্য অবশেষে পিসিবি বিশেষ বিদায় সংবর্ধনার ব্যবস্থাও করতে চায় এই সিরিজে।

পিসিবি মনে করে, জাতীয় দল থেকে অবসর নিলেও ঘরোয়া টি-টোয়েন্টি লিগগুলোতে খেলতে বাধা থাকবে না এই অলরাউন্ডারের। সে ক্ষেত্রে আফ্রিদির আপত্তি থাকার কথা নয়। সেটিই বোঝানোর চেষ্টা করা হচ্ছে তাকে। সমস্যা হলো আফ্রিদি নিজে তাঁর অবসরের ব্যাপারটি হাস্যকর বিষয়ে পরিণত করেছেন।

তবে পিসিবির দেয়া সুযোগ আফ্রিদি নেবেন কি না, সেটাই প্রশ্ন। ২০১০ সালে টেস্ট ও ২০১৫ বিশ্বকাপের পর ওয়ানডেকে বিদায় বলে দেন আফ্রিদি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে ২০ ওভারের ক্রিকেটেরও জায়গা মিলছে না। বলা হচ্ছে আফ্রিদি-যুগ শেষ হয়ে গেছে পাকিস্তানে।

সূত্র: জং ও দ্য হিন্দু।

basic-bank

Be the first to comment on "পিসিবির দেয়া সুযোগ কি হাতছাড়া করবেন আফ্রিদি!"

Leave a comment

Your email address will not be published.


*